শিরোনাম

সূর্যের ব্যাটে ভর করে হাসলো ভারত

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সূর্যের ব্যাটে ভর করে হাসলো ভারত
সূর্যকুমার যাদব অপরাজিত ৮৪ রান করেন। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (৭ ফেব্রুয়ারি) মুম্বাইতে ভারত কত বড় সংগ্রহ তুলবে স্কোরবোর্ডে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর পর থেকেই শুরু হয় আলোচনাটা। কিন্তু ম্যাচ শুরুর পর দেখা যায় উল্টো চিত্র। ৮ রানে প্রথম, ৪৬ রানে চতুর্থ আর ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। তবে অধিনায়ক সূর্যকুমার যাদবের ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত করে ১৬১ রান।

সূর্যের ইনিংসে ছিল ১০ চার ও ৪ ছক্কা। শেষ পর্যন্ত স্বাগতিক ভারত ম্যাচটা জিতেছে ২৯ রানে। যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানে থামে।

ভারতকে অল্প রানে আটকে রাখতে পারার মূল কৃতিত্ব দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পেস বোলিং অলরাউন্ডার শ্যাডলি ফন শাল্কভিকের। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে তিনটি উইকেট ইশান কিষান (২০), তিলক বর্মা (২৫) ও শিবম দুবের (০)।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর যুক্তরাষ্ট্রের ইনিংস এগোয় মিলিন্দ কুমার (৩৪) ও সঞ্জয় কৃষ্ণমূর্তির (৩৭) ব্যাটে। চতুর্থ উইকেট জুটিতে ৫৮ রান তোলেন তারা। এ দুজনের আউটের পর আর কেউ উইকেটে থিতু হতে পারেননি। শুভাম রঞ্জানের ৩৭ রান শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।

ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেলের।

ম্যাসেরা হন সূর্যকুমার যাদব।

/টিই/