শিরোনাম

বদলে যাচ্ছে সিলেটের কবি নজরুল অডিটরিয়ামের নাম

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বদলে যাচ্ছে সিলেটের কবি নজরুল অডিটরিয়ামের নাম
ছবি: সিটিজেন জার্নাল

সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম আবারও পরিবর্তন করা হচ্ছে। সরকারি এই অডিটরিয়ামটি পুনরায় সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সফরে এসে অডিটরিয়ামটি পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা অডিটরিয়ামটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ইতোমধ্যে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, 'অর্থ বরাদ্দ দেওয়া হবে এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই। নামটি সামনে স্পষ্টভাবে লিখতে হবে, যাতে সবার চোখে পড়ে। প্রয়োজনে কিছু অতিরিক্ত ব্যয় হলেও সমস্যা নেই।'

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমানে অডিটরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। যথাযথ তদারকি না হওয়ায় এটি সিটি করপোরেশনের আওতায় আনা দরকার। এ প্রস্তাবে সম্মতি দেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, শুরুতে এর নাম ছিল সিলেট অডিটরিয়াম। চার দলীয় জোট সরকারের সময় অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করে রাখা হয় কবি নজরুল অডিটরিয়াম। প্রায় দুই দশক পর আবারও ক্ষমতা পরিবর্তনের সঙ্গে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলো।

/এসআর/