শিরোনাম

শোককে শক্তিতে পরিণত করে নেপালকে হারাতে চায় বাংলাদেশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
শোককে শক্তিতে পরিণত করে নেপালকে হারাতে চায় বাংলাদেশ
শিউলির মায়ের মৃত্যুর কারণে অনুশীলন না করে দল নিয়ে সমুদ্র সৈকতে যান বাংলাদেশ কোচ। ছবি: বাফুফে

বাংলাদেশের ফুটবলার শিউলি আজিমের মা মঙ্গলবার (২ জুন) পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। সেই খবরে শোকস্তব্ধ পুরো দল, সকালে অনুশীলনও করেনি। তবে নেপালের বিপক্ষে বুধবার (৩ জুন) নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে শোককে শক্তিতে পরিণত করবে বাংলাদেশ দল তেমনই প্রত্যাশা।

সকালে দল অনুশীলন না করলেও বিকালৈ ভিডিও সেশন হয়েছে। সেখানে নেপালের শক্তি, দুর্বলতা তুলে ধরা হয় দলের সামনে।

নারী সাফের গত সাত আসরের পাঁচটি শিরোপা ভারতের। দুটি বাংলাদেশের। সর্বোচ্চ ছয়বার ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পায়নি নেপাল।

নেপাল আছে অধরা শিরোপার খোঁজে, বাংলাদেশ এসেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে।

সেমিফাইনালের আগে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিউলির পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো এবং তাদের জন্য প্রার্থনা করা। আমার মনে হয় না, শিউলির মায়ের মৃত্যুর কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। মানসিক দৃষ্টিকোণ থেকে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি দলের বেশ অভিজ্ঞ একজন সদস্য এবং সবার কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়।’

অনুশীলন না করলেও বাকি কাজগুলো করেছে দল। এ নিয়ে বাটলার বলেন, ‘আজ আমরা ফুটবলে একটা কিক দেইনি ঠিকই, তবে আমার মনে হয় না, এটা আমাদের জন্য কোনো অসুবিধা তৈরি করবে।

প্রিয়জন হারানোর শোককে শক্তিতে রূপ দিয়ে, ইতিবাচক মানসিকতা নিয়ে দল নেপালের বিপক্ষে খেলতে নামবে বলেও বিশ্বাস বাটলারের। তিনি বলেন, ‘আমি মেয়েদের ঠিক এটাই বলছিলাম যে, গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। আমরা যে পরিস্থিতিতে আছি, সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়। তবে আমি বিশ্বাস করি, এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরম্যান্সের সক্ষমতা রাখে।’

বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। আরেক সেমিফাইনালে রাতে সাড়ে ৮টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও ভুটান।

/টিই/