শিরোনাম

জিম্বাবুয়েকে হারালো ভারত, সেমিতে দক্ষিণ আফ্রিকা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়েকে হারালো ভারত, সেমিতে দক্ষিণ আফ্রিকা
আর্শদীপ নেন ৩ উইকেট। ছবি: ক্রিকইনফো

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারত ৭২ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। ফলে ভারতের সেমিফাইনালে ওঠার সমীকরণটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে। আর জিম্বাবুয়ের হারের ফলে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

গ্রুপ-১ এ দুই ম্যাচ থেকে দুই জয়ে সবার উপরে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। দুই পয়েন্ট ভারতেরও। তবে নেট রানরেটে পিছিয়ে তিনে স্বাগতিকরা। জিম্বাবুয়ে নিজেদের শেষ ম্যাচে জিতলেও দুই পয়েন্টের বেশি হবে না। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ফলে সেই ম্যাচে জয়ী দলই উঠবে সেমিফাইনালে।

ভারত আগে ব্যাট করে তোলে ৪ উইকেটে ২৫৬ রান। যা এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের ইনিংস থামে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রানে।

বড় রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৪ রান তোলে জিম্বাবুয়ে। তবে ইনিংসের সপ্তম ওভারে দলীয় ৪৪ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। মারুমানি আউট হন ২০ রান করে। দশম ওভারে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৭৩। অর্থাৎ ৬০ বলে দরকার ১৮৪ রান। যা প্রায় অসম্ভবই বটে।

জিম্বাবুয়ে উইকেট ধরে রেখে রান কমাতে থাকে। তৃতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়েন সিকান্দার রাজা ও ব্রায়েন বেনেট। রাজা ২১ বলে ৩১ রান করে আর্শদীপের বলে আউট হলে জুটি ভাঙে। এক বল পর আউট হন বার্ল (০)। তবে বেনেট ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তাতে জিম্বাবুয়ের হারের ব্যবধানটা কমে।

আর্শদীপ ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন।

তার আগে ভারতের বড় সংগ্রহের ভীত পায় অভিষেক শর্মার ৫৫, হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৫০, তিলক ভর্মার অপরাজিত ৪৪, ইষাণের ৩৮ ও সূর্যকুমার যাদবের ৩৩ রানে ভর করে।

/টিই/