শিরোনাম

লেবাননে ইসরায়েলি হামলায় ৩১ নিহত

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় ৩১ নিহত
লেবাননে ইসরায়েলের হামলা করছে। ছবি: রয়টার্সব

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই লেবাননে হেজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এসব হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের কর্মকর্তাদের জানান, হামলায় আরও অন্তত ১৪৯ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে দাবি করেছে, বৈরুতে চালানো একটি নির্দিষ্ট হামলায় হেজবুল্লাহর গোয়েন্দা প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সোমবার (২ মার্চ) বলেন, হেজবুল্লাহর মহাসচিব নাঈম কাশেম এখন সরাসরি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তিনি জানান, তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে হেজবুল্লাহর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এমন পরিস্থিতিতে সোমবার লেবানন সরকার হেজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। তবে সংগঠনটির রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে টানা তৃতীয় দিনের মতো পাল্টা হামলা চালিয়েছে ইরান। আইডিএফ জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের কাছে অবস্থিত এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশে তিনটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে। বিমানবন্দরটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন।

ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এমন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে ইরান।

এর মধ্যে সোমবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকালে দেশটিতে অবস্থানরত একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের ক্রুরা অক্ষত রয়েছেন এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

/এসএ/