শিরোনাম

বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল হতাশাই উপহার দিয়েছে পাকিস্তান। গ্রুপে সহজ প্রতিপক্ষদের বিপক্ষে সাফল্য এসেছে। বড় দলগুলোর বিপক্ষে প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সে পরাজিত হয়েছে। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও লাভ হয়নি। সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) হতাশ। কঠোর ব্যবস্থা নিয়েছে তারা সালমান আগা-বাবর আজমদের বিরুদ্ধে।

এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় জাতীয় দলের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। পুরো দল মিলে নয়, প্রত্যেক খেলোয়াড়ের ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে। এই জরিমানার অঙ্ক বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৮৬ হাজার টাকা।

পাকিস্তান এই বিশ্বকাপের প্রস্তুতিতে অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে ছিল। গত এপ্রিল-মে মাসে পাকিস্তান সুপার লিগ শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ দিয়ে শুরু। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল তারা।

তবু বিশ্বকাপে তেমন কিছু করতে পারেনি দলটি। সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘তোমাদের দেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ছাপ রাখার জন্য তোমরা দুই বছরে একবার সুযোগ পাও এবং তোমরা আবারও ব্যর্থ হলে। এই সবকিছু দেখা অত্যন্ত হতাশাজনক।’

/টিই/