
সিটিজেন ডেস্ক


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনো ভয়াবহ অভিযান শুরু করেনি । তবে শিগগিরই দেশটিতে বড় ধরনের হামলা শুরু হতে পারে।
সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেন।
পৃথক এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক কর্মসূচির বিষয়ে বারবার সতর্ক করার পরও ইরান তাদের কথা শুনেনি। এ পরিস্থিতিতে যদি অনিবার্য হয়, তাহলে তিনি ইরানে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা সত্যিই তা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই সবাই ভেতরে (নিরাপদ স্থানে) অবস্থান করুক। বাইরে পরিস্থিতি নিরাপদ নয়।’ প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি আরও অনিরাপদ হতে পারে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের সাধারণ জনগণের উদ্দেশে বলেন, আপনারা শাসনব্যবস্থা পরিবর্তনের সুযোগ নিন। যদিও যুক্তরাষ্ট্র শুধু ইরানের সরকারকে উৎখাত করার জন্য এই যুদ্ধ শুরু করেনি।
ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের বীরসাবা (বীর আস-সাব) শহরে ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এটি ১১তম ধাপের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা শহরের নির্দিষ্ট এলাকায় পরিচালিত হয়েছে। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
সংবাদে বলা হয়েছে, হামলায় শহরের ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত করেছে। তারা দাবি করেছে বীর আস-সাব শহরের একটি ভবন লক্ষ্যবস্তু হয়েছে। এই ভবনে মাইক্রোসফটসহ কয়েকটি আন্তর্জাতিক বড় কোম্পানি রয়েছে।
সূত্র: আল জাজিরা

ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানের কাছে অবস্থিত পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটির এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে এই বিস্ফোরণের আওয়াজ শহরের বিভিন্ন অংশে এই বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া। এ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। খবর রয়টার্সের।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কুয়েতে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার (২ মার্চ) কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত এই তিনটি বিমান ভূপাতিত করেছে। এটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত হামলার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সেন্টকম জানায়, ধ্বংস হওয়া তিনটি বিমানে মোট ছয়জন ক্রু ছিলেন, যারা নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। সবাইকে উদ্ধার করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।
সূত্র: রয়টার্স
কুয়েতে ইরাক সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটি আলী আল-সালেমে হামলা চালিয়েছে ইরান। তেহরানের হামলার আগে ও পরের স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।


স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের হামলার আগে ঘাঁটিতে স্বাভাবিক কার্যক্রম চলছিল। তবে হামলার পর ছবিগুলোতে ঘাঁটির অবস্থার পরিবর্তন স্পষ্টভাবে ফুটে উঠেছে। ছবিগুলো ঘাঁটিতে হামলার প্রভাব ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
রুশ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিকে ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। এ সময় উভয় নেতা রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে ফিরে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
রাশিয়া সাম্প্রতিক ইরানবিরোধী সামরিক পদক্ষেপকে ‘জাতিসংঘের একটি সার্বভৌম সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক সশস্ত্র আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে।
মস্কোর ভাষ্য অনুযায়ী, আমিরাতের প্রেসিডেন্ট বলেন, তার দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে না। তবুও ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা তার মতে অযৌক্তিক।
সূত্র: আল জাজিরা
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, অভিযানের সময় ইরান থেকে আসা অধিকাংশ হামলা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।
হেগসেথ বলেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল ভূপাতিত করা হলেও একটি হামলা প্রতিরক্ষা ভেদ করে সুরক্ষিত কৌশলগত অপারেশনস সেন্টারে আঘাত হানে। ব্যবহৃত অস্ত্র অত্যন্ত ‘শক্তিশালী’ ছিল বলে জানান তিনি।
এর আগে, এসব অভিযানে যুক্তরাষ্ট্রের চারজন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী।
সূত্র: আল জাজিরা

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফিয়াল গ্রোসি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন কিছুর লক্ষণ তারা পান নি।
তিনি জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেহরান গবেষণা রিঅ্যাক্টর বা অন্যান্য পারমাণবিক জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন লক্ষণ নেই।
সংস্থাটির গভর্নর বোর্ডে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি বা আইএইএ ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। তবে তাদের কোন সাড়া পাওয়া যায়নি।
আইএইএ-তে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বিবিসিকে জানিয়েছেন, রবিবার নাতান্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।
দেশটির সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘দশম দফা’ হামলার অংশ হিসেবে তেল আবিবে একটি সরকারি কমপ্লেক্স ও নেতানিয়াহুর কার্যালয় হিসেবে পরিচিত ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের সরকারি চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার বা খোররমশাহর-৪ ক্ষেপণাস্ত্র। আইআরজিসির দাবি, এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।
ইরান বলছে, হামলায় ব্যবহৃত হয়েছে খোররমশাহর-৪, যা ‘খাইবার’ নামেও পরিচিত। এটি ইরানের দীর্ঘপাল্লার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত।
সামরিক বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র উচ্চ ক্ষমতাসম্পন্ন ও ভারী ওয়ারহেড বহনে সক্ষম এবং দূরপাল্লায় আঘাত হানতে পারে।

জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো ইসরায়েলি সেনাবাহিনীকে জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক দেশগুলোতে ইরানের হামলা বন্ধ না হলে দেশটির বিরুদ্ধে চলমান অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে জার্মানি।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতোমধ্যেই চলছে। এতে বিমান হামলায় অংশগ্রহণ এবং সামরিক ও আকাশপথে সহায়তা দেওয়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে রবিবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানিয়ে বলে, প্রয়োজন হলে উপসাগরীয় অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিতে তারা প্রস্তুত।

ইরান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তাদের নাতান্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার মার্কিন ও ইসরায়েলি হামলায় নাতান্জে ইরানের বিস্তৃত পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির ৩৫-জাতির বোর্ড অফ গভর্নরদের এক সভায় তিনি সাংবাদিকদের বলেন, ‘গতকাল আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শান্তিপূর্ণ, সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করেছে।’
কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘নাতান্জ’।

ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে ইরানের তিনটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করা হয়েছে। রবিবার এরবিল বিমানবন্দরে মার্কিন বাহিনী ঘাঁটির কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।
বিমানবন্দরটিতে মার্কিন সেনারা অবস্থান করছে।
এর আগে এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ঘাঁটির কাছাকাছি এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছে বলে।
এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের কেবল একটি গার্লস স্কুলেই মারা গেছে প্রায় দুইশজন।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানের অন্তত ১৩১টি শহর আক্রান্ত হয়েছে।
ইরানে রেড ক্রিসেন্টের মানবিক সেবা ও ত্রাণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে এবং সারাদেশে এক লাখেরও বেশি সাড়াদানকারী সদস্য কাজ করছে।

রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ড্রোন হামলার পর তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ ঘোষণা করেছে।
সোমবার এক শিল্প সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে তেহরান ওই অঞ্চজুড়ে হামলা চালানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়।
উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার রয়েছে। যার দৈনিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। সৌদি অপরিশোধিত তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ টার্মিনালও এটি।
সূত্রটি রয়টার্সকে বলেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটি বন্ধ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রয়টার্স লিখেছে, এ ড্রোন হামলা উপসাগরীয় অঞ্চলে ধারাবাহিক হামলার অংশ, যার মধ্যে আবু ধাবি, দুবাই, দোহা, মানামা এবং ওমানের বাণিজ্যিক এলাকা দুকমও রয়েছে। এসব হামলায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানের গুরুত্বপূর্ণ নৌপরিবহন কেন্দ্রগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে এবং সোমবার ব্রেন্ট ক্রুডের দর প্রায় ১০ শতাংশ বেড়েছে।
সৌদি আরবের শক্তভাবে সুরক্ষিত জ্বালানি স্থাপনাগুলো এর আগেও লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে ২০১৯ সালের সেপ্টেম্বরে আবকাইক ও কুরাইস স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অপরিশোধিত তেল উৎপাদন অর্ধেকের বেশি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। প্রায় এক ঘন্টা আগে এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়।
ইসরায়েলি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে ‘সতর্কতামূলক নির্দেশনা’ পাঠিয়েছে।
এতে সবাইকে দ্রুত সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার কথা বলা হয়েছে।
প্রায় দশ মিনিট আগে আইডিএফ আরেক বিবৃতিতে জানিয়েছে, মানুষ এখন সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন। তবে ওই স্থানগুলোর কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এদিকে, বিবিসি ফার্সিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
ফার্স নিউজ এজেন্সি লিখেছে, ‘ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।’

ইরান মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার দাবি করেছে। অনলাইনে তাদের শেয়ার করা এক ভিডিওতে একটি যুদ্ধবিমানকে ঘুরে ঘুরে নিচে পড়ে যেতে দেখা গেছে।
তবে অনলাইনে শেয়ার করা ভিডিওটি থেকে এটি পরিষ্কার হওয়া যায়নি যে এফ-১৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের না ইসরায়েলের।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সোমবার তৃতীয় দিনে গড়ানোর পর এ দাবি জানিয়েছে তেহরান।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এফ-১৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের না ইসরায়েলের এটি অনলাইনে শেয়ার করা ভিডিওটি থেকে পরিষ্কার হওয়া যায়নি। ইসরায়েলও দুই ইঞ্জিনের সব আবহাওয়ার উপযোগী যুক্তরাষ্ট্রের নির্মিত এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করে।
ভিডিওতে দেখা গেছে, বিমানটির পেছন দিকে আগুন জ্বলছে আর এটি নিয়ন্ত্রণ হারিয়ে ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছে।
কয়েকটি আন্তর্জাকতিক গণমাধ্যম জানিয়েছে, বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমানটি কুয়েতে বিধ্বস্ত হয়েছে। নিচে পড়ার পর সেটি থেকে ধোঁয়া উঠছিল। তবে কী কারণে এ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার হওয়া যায়নি।

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্ততঃ ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে। আজ সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে হতাহতের এ সংখ্যা জানিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি-এনএএ জানিয়েছে, বৈরুতের দক্ষিণে শহরতলীতে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান আঘাত হেনেছে। এর মধ্যে শহরতলীতে ২০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে ১১ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননের ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।
সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।
রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।
এরপরই আক্রান্ত স্থানগুলোর ও আশপাশের বাসিন্দারা গাড়িতে করে ও হেঁটে বৈরুত থেকে পালাতে শুরু করে। এতে রাস্তায় রাস্তায় জট লেগে যায়।
ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুতের কাছে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের ওপরও হামলা চালিয়েছে।

ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার (১ মার্চ) ইসরায়েলি সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল ইয়াল জামির এবং গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে বৈঠকের পর নতুন হুমকি দেন নেতানিয়াহু।
তেলআবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরের ছাদ থেকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের সেনারা হামলার তীব্রতা বাড়িয়ে এখন তেহরানের কেন্দ্রে আঘাত করছে। সামনের দিনগুলোতে এটি আরও তীব্র হবে।’
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদিকে চলমান উত্তেজনা কমানোর বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী দেশে হিসেবে ওমান কাজ করছিল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সাক্ষাৎ করেছেন।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আরাগচি উল্লেখ করেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ‘অঞ্চলিক উত্তেজনা ও আতঙ্ক বাড়িয়ে তুলেছে’।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। তিনিও এতে রাজী হয়েছেন।
দ্য আটলান্টিক ম্যাগাজিনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায় এবং আমি কথা বলতে রাজী হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।’
ট্রাম্প আরও বলেন, ‘তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যে বিষয়গুলো খুবই বাস্তবসম্মত এবং করা সহজ ছিল, তা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে চলমান মার্কিন-ইসরায়েলের অভিযানে দেশটির ৪৮ জন নেতা নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এমন দাবি করেন। ট্রাম্প বলেন, ‘আমাদের অর্জিত সাফল্য কেউ বিশ্বাস করতে পারছে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ হয়ে গেছে। অভিযান দ্রুত এগিয়ে চলছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই কাজ শুধু আমাদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য করছি। সব কিছু ঠিকভাবে হচ্ছে।’
সৌদি আরব জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনা সদস্যদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
বিষয়টি সম্পর্কে এক অজ্ঞাত সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানায়, আজ রবিবার বিকেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে সৌদি আরব।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকজন আঘাতে সামান্য আহত হয়েছেন। তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান পরিস্থিতির নিয়মিত পরিবর্তন হচ্ছে। আপাতত নিহতদের পরিচয় বা এ বিষয়ে আর কোনো তথ্য তাদের স্বজনদের জানানোর ২৪ ঘণ্টা পর পর্যন্ত গোপন রাখা হবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে টার্কি টুডের প্রতিবেদনে বলা হয়, আহমাদিনেজাদ তার নিজের বাড়িতে হামলার শিকার হন। ইরানের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়।
আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। কড়া বক্তব্যের জন্য পরিচিত এই নেতা পশ্চিমাদের বিরোধিতায় কঠোর অবস্থান নিয়েছিলেন। তার সময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নজরদারি ও সমালোচনার মুখে পড়ে ইরান।

ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই হামালা চালানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’
ইউএসএস আব্রাহাম লিংকন জানুয়ারির শেষ থেকে আরব সাগরে অবস্থান করছে। ইরানে হামলা চালতে এই অঞ্চলে সামরিক শক্তি জোরদার করার পরিকল্পনা থেকে এই রণতরী আনে ওয়াশিংটন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করার কোনো ইচ্ছা তেহরানের নেই। এমনকি এই পর্যায়ে ‘নৌচলাচল ব্যাহত হয়, এমন কিছু করারও’ কোনো পরিকল্পনা নেই।
আল-জাজিরাকে তেহরানের এই অবস্থানের কথা জানান আব্বাস আরাগচি।
হরমুজ প্রণালির কাছে আজ দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও। ওই প্রণালির দুই পাশে বহু জাহাজ নোঙর করে আছে।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইরানের হামলা শুরুর পর থেকে ৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। রবিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের হামলার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়।
সেখানে বলা হয়, ইরান থেকে আসা ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টিকে বাধাগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে। আর ৩৫টি দেশের মধ্যে পড়ে ক্ষতি করেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো শুরু করলে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে।
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য-উপাত্ত দেওয়া সূত্রগুলো থেকে জানা গেছে, অপরিশোধিত তেল এবং এলএনজি বহনকারী অন্তত ১৫০টি ট্যাঙ্কার হরমুজ প্রণালির বাইরে উপসাগরীয় উন্মুক্ত জলরাশিতে নোঙর ফেলেছে।
প্রণালির অপর পাশেও আরও কয়েক ডজন জাহাজ স্থির অবস্থায় আছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর এই অঞ্চলটি যুদ্ধের কবলে পড়ার প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এবং মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের শিপ-ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে জানা গেছে, ইরাক ও সৌদি আরবের মতো প্রধান উপসাগরীয় তেল উৎপাদনকারী এবং এলএনজি উৎপাদনকারী বড় দেশ কাতারের উপকূল সংলগ্ন এলাকায় এই ট্যাঙ্কারগুলো রয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৮ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, রবিবার (১ মার্চ) জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৮ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।
উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে।
মাজেন ডেভিড আডোম-এর মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেছেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
রমুজ প্রণালির কাছে একটি জাহাজ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও। সংস্থাটি জানায়, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালির পূর্বে অবস্থিত একটি জাহাজে একটি বস্তু আঘাত হানে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত ইউকেএমটিও-র বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে ইঞ্জিন রুমে আগুন লাগার খবর পাওয়া গেলেও, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।’
হরমুজ প্রণালির ওমান সংলগ্ন কুমজারের অদূরে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর, আজ এটি ইউকেএমটিওর পাওয়া দ্বিতীয় ঘটনা।

রবিবারের প্রার্থনার পরে সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক ভাষণে পোপ ইরানে মার্কিন-ইসরায়েল হামলা নিয়ে কথা বলেছেন। পোপ লিও জানান, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলের হামলার পরের ঘটনাগুলি ‘গভীর উদ্বেগ’ নিয়ে পর্যবেক্ষণ করছেন এবং ‘সহিংসতার স্রোত’ বন্ধ করার জন্য আহ্বান করেছেন।
পোপ বলেন, ‘আমি এই সংঘাতের সঙ্গে জড়িত পক্ষগুলিকে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি সহিংসতার স্রোত অপূরণীয় অতল গহ্বরে পরিণত হওয়ার আগে তা বন্ধ করার নৈতিক দায়িত্ব গ্রহণ করুন।’
তিনি আরও বলেন, ‘পারস্পরিক হুমকি বা অস্ত্রের মাধ্যমে স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠিত হয় না। বরং যুক্তিসঙ্গত, প্রকৃত এবং দায়িত্বশীল সংলাপের মাধ্যমেই সেটি সম্ভব।’
ইরানের হামলায় বাহরাইনের রাজধানী মানামায় একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানামার ‘ক্রাউন প্লাজা হোটেল’ হামলার শিকার হয়েছে। এই হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, ‘তবে কোনো প্রাণহানি ঘটেনি’।
এর আগে গতকাল বাহরাইন জানিয়েছিল, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় মানামায় তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসনমূলক যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রবিবার এক বিবৃতিতে ওই শোক জানিয়েছেন তিনি। রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’।
পেজেশকিয়ান বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যা করা... বিশ্বের সব প্রান্তের মুসলিম, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষস্থানীয় সামরিক কর্মকতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি এখন আমাদের দায়িত্ব ও ন্যায়সঙ্গত অধিকার হয়ে গেছে। আল-জাজিরা
আয়াতুল্লাহ আলী খামেনি ও ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। যারা এই হামলার পরিকল্পনাকারী এবং যারা এই হামলার নির্দেশ দিয়েছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এসব হত্যার বদলা নেবে। কারণ এটি তাদের পবিত্র দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে তাদের বাধ্যবাধকতা রয়েছে।
ওমানের মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। দেশটির সমুদ্রবিষয়ক নিরাপত্তা কেন্দ্র এই তথ্য নিয়েছে।
আল–জাজিরা সূত্রে জানা গেছে, পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়। হামলায় চারজন আহত হয়েছেন। জাহাজে থাকা ২০ জন ক্রুর সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির দুকম সমুদ্র বন্দরে দুটি ড্রোন হামলা হয়েছে। এ হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন।

আল–জাজিরা জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে ইরান।
ইরনার প্রতিবেদনে বলা হয়, হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাঁদের নাম পরে প্রকাশ করা হবে।

আল–জাজিরা জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে তারা (ইসরায়েল) ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে বলে দাবি করেছে ইসরায়েলের বিমানবাহিনী।
গতকাল ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়। এই হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে। বহু মানুষ আহত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, স্কুলে হামলায় ডজনখানেক নিরীহ শিশু নিহত হয়েছে। এই হামলা জবাব দেওয়া হবে।

ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী ছিল।
ইরানের স্থানীয় প্রসিকিউটর ইব্রাহিম তাহেরি বলেন, নৃশংস হামলায় নিহতদের বেশিরভাগই ছাত্র, শিক্ষক, স্কুল কর্মী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।
শনিবার সকালে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তেহরান এবং তাবরিজ, কোম, ইসফাহান, কেরমানশাহ এবং কারাজসহ ইরানের বেশ কয়েকটি শহরে যৌথ আক্রমণ শুরু করে। ইরান ইসরায়েল এবং এই অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেয়।
তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন, রবিবার একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হবে।
রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি যদি কোনও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তবে তাদের কঠোর জবাব দেওয়া হবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানকে লুণ্ঠন এবং ভেঙে ফেলার চেষ্টা করার অভিযোগ করেছেন।

ইসরায়েলের তেল আবিব, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ও কাতারের দোহায় আজ রবিবার সকালে নতুন করে পরপর কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দুবাইয়ের স্থানীয় বাসিন্দারা বলেছেন, দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে।
দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।
এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে এখন পর্যন্ত ১৬ জন আহত হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
এদিকে আজ সকাল ৬টার কিছু পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বারবার বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। আসন্ন হামলা নিয়ে নাগরিকদের সতর্ক করতে এ সংকেত বাজানো হয়।
তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্ক সংকেত বেজে উঠতে পারে।