শিরোনাম

অবসরপ্রাপ্ত যুগ্মসচিবকে ধর্ম সচিব করলো সরকার

বিশেষ প্রতিনিধি
অবসরপ্রাপ্ত যুগ্মসচিবকে ধর্ম সচিব করলো সরকার
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিবদ্ধ নিয়োগ দিয়েছে সরকার। (রবিবার) ১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মুন্সি আলাউদ্দিন আল আজাদ বিসিএস প্রশাসন ৮২ (বিশেষ) ব্যাচের কর্মকর্তা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তকারী সাত সদস্যের স্বতন্ত্র কমিশনের সদস্য ছিলেন তিনি। ২০০৯ সাল পর্যন্ত নিয়মিত প্রশাসনিক দায়িত্ব পালন শেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন আল আজাদ ২০০৯ সাল পর্যন্ত নিয়মিত প্রশাসনের অংশ ছিলেন। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর তিনি আর কোনো নিয়মিত প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেননি।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী সরকার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। তবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ দক্ষতা, যোগ্যতার বিষয়গুলোকে বিশেষভাবে বিবেচনা করা হয়। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তা কখনো ধর্ম মন্ত্রণালয়ে ছিলেন না।

জানা গেছে, মুন্সী আলাউদ্দিন আল আজাদ ২০২১-২০২৩ সাল পর্যন্ত তিনি পদ্মা ব্রিজ রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট ফেজ-২ (ভাঙ্গা-বেনাপোল) ভূমি অধিগ্রহণ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩-২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) পরিচালক ছিলেন।

এএইচ/টিই/