শিরোনাম

জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের
রিশাদ হোসেন পেয়েছেন ২ উইকেট। ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়তে হবে। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই বাংলাদেশের।

নিউজিল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টিতে এর আগে মোট চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি প্রথমে ব্যাট করে। আর বাকি তিনটি জিতেছে রান তাড়া করে। সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ দল। সেটাও ২০২৩ সালে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার টিম রবিনসন (০)।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার কেতেনে ক্লার্ক ও ড্যান ক্লেভার। এসময় দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। এই দুই কিউই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। মজার ব্যাপার আউট হওয়ার আগে দুজনই করেন ৫১ রান। ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রান করেন ক্লার্ক। আর মাত্র ২৮ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রানে থামেন ক্লেভার।

এ দুজনের বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট পড়ে। প্রথম ১০ ওভারে ১০০ রান করা নিউজিল্যান্ড পরের ৫ ওভারে করে মাত্র ৩০ রান।

কিউই অধিনায়ক নিক কেলি করেন ২৭ বলে ৩৯ রান। শেষদিকে জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ ও নাথান স্মিথ ৪ বলে ২ রান করেন।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

/টিই/