শিরোনাম

ভাইরাল সংক্রমণে আক্রান্ত নেইমার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভাইরাল সংক্রমণে আক্রান্ত নেইমার
নেইমারের মাঠে ফেরা নিয়ে আবারও শঙ্কা। ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন কি না, সেই আলোচনার মধ্যেই আরেক ধাক্কা খেলেন এই তারকা। ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়ে সান্তোসের অনুশীলনে ছিলেন না তিনি।

মহাদেশীয় প্রতিযোগিতা কোপা সুদামেরিকানা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে সান্তোস। কিন্তু সিটি রেই পেলে স্টেডিয়ামের অনুশীলনে অংশ নিতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিষয়টি নিয়ে সান্তোস এক বিবৃতিতে জানায়, ‘নেইমার জুনিয়র শনিবার (২৫ এপ্রিল) রাতে ভাইরাল সংক্রমণে আক্রান্ত হন, তাকে চিকিৎসা দেওয়া হয়, তিনি ভালো সাড়া দেন এবং সান্তোসের মেডিকেল বিভাগ তাকে পর্যবেক্ষণে রেখেছে।’

কোপা সুদামেরিকানায় মঙ্গলবার (২৮ এপ্রিল) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে সান লরেন্সোর মুখোমুখি হবে সান্তোস। এই ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

আসন্ন বিশ্বকাপের আগে নেইমারের যে কোনো সমস্যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে বড় ধরনের চোটে পড়ার পর আর দেশের জার্সিতে ফেরা হয়নি ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরারের।

/টিই/