শিরোনাম

অনলাইনে ‘হানি ট্রাপ’, নিরাপদ থাকবেন যেভাবে

সিটিজেন ডেস্ক
অনলাইনে ‘হানি ট্রাপ’, নিরাপদ থাকবেন যেভাবে
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নতুন মানুষের সঙ্গে পরিচয় এখন দৈনন্দিন ব্যাপার। এই সহজ যোগাযোগই আবার অনেক সময় হয়ে উঠছে ঝুঁকির কারণ। সম্পর্কের আড়ালে তৈরি হচ্ছে প্রতারণার ফাঁদ, যা পরিচিত ‘হানি ট্রাপ’ নামে।

প্রতারকরা সাধারণত খুব সাধারণভাবেই যোগাযোগ শুরু করে। অল্প সময়ের মধ্যেই তারা ঘনিষ্ঠ হয়ে ওঠে, ব্যক্তিগত গল্প শোনায়, সহানুভূতি দেখায় এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে। এই বিশ্বাসই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় হাতিয়ার। একপর্যায়ে তারা ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও সংগ্রহের চেষ্টা করে এবং পরে তা ব্যবহার করে অর্থ আদায় বা ব্ল্যাকমেইল করে।

বিশেষজ্ঞদের মতে, হানি ট্রাপের মূল কৌশল হলো আবেগকে কাজে লাগানো। যখন কেউ বিশ্বাস করতে শুরু করে, তখন তার সতর্কতা কমে যায়। আর ঠিক এই জায়গাটিতেই আঘাত করে প্রতারকরা। বাস্তব জীবনের সম্পর্ক যেখানে সময় নিয়ে গড়ে ওঠে, সেখানে এই ধরনের যোগাযোগ খুব দ্রুত গভীর হওয়ার চেষ্টা করে, যা অনেক সময়ই বিপদের সংকেত।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

হানি ট্রাপেরকিছু সাধারণ লক্ষণও রয়েছে। খুব অল্প সময়েই অস্বাভাবিক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, নিজের পরিচয় যাচাই করতে না দেওয়া, বারবার গোপনীয়তার কথা বলা বা নির্জন জায়গায় দেখা করার প্রস্তাব দেয়। এসব বিষয় একসঙ্গে দেখা গেলে সতর্ক হওয়া জরুরি।

এড়াতে যা করবেন

নতুন কারও সঙ্গে পরিচয়ের পরপরই ব্যক্তিগত তথ্য শেয়ার না করাই নিরাপদ। বাসার ঠিকানা, আর্থিক অবস্থা, পারিবারিক তথ্য বা ব্যক্তিগত ছবি একবার অন্যের কাছে চলে গেলে তার নিয়ন্ত্রণ আর নিজের হাতে থাকে না। একইভাবে অন্তরঙ্গ ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, এগুলোই পরে ব্ল্যাকমেইলের সবচেয়ে সহজ উপায় হয়ে ওঠে।

পরিচয় যাচাইয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভালো ছবি বা আকর্ষণীয় কথাবার্তা কাউকে বিশ্বাসযোগ্য করে তোলে না। প্রয়োজনে ভিডিও কলে কথা বলা, সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি পর্যবেক্ষণ করা বা পারস্পরিক পরিচিত কারও মাধ্যমে যাচাই করা যেতে পারে।

কখনো সরাসরি দেখা করার প্রয়োজন হলে জনসমাগম আছে এমন জায়গা বেছে নেওয়া এবং পরিচিত কাউকে আগে থেকে জানিয়ে রাখা নিরাপদ। নির্জন বা অপরিচিত স্থানে একা যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

ফাঁদে পড়লে করণীয়

হানি ট্রাপে পড়লে অনেকেই লজ্জা বা ভয় থেকে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। তবে এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এ অবস্থায় সব ধরনের প্রমাণ যেমন-চ্যাট, স্ক্রিনশট, কললগ সংরক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি বিশ্বস্ত কাউকে জানানো এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া উচিত। সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক ও রিপোর্ট করার পাশাপাশি নিজের পাসওয়ার্ড পরিবর্তন এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চালু করার পরামর্শও দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, হানি ট্রাপ কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়; এটি একটি বাস্তব ডিজিটাল ঝুঁকি। সচেতনতা ও সতর্কতাই এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

/এসএ/