শিরোনাম

মিথ্যা শর্ত ফাঁসের অভিযোগে ইরানের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মিথ্যা শর্ত ফাঁসের অভিযোগে ইরানের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গণমাধ্যমে চুক্তির অবাস্তব ও মিথ্যা শর্ত ফাঁসের অভিযোগ এনে ইরানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের প্রচারিত এসব তথ্যের সাথে লিখিতভাবে সম্মত হওয়া আসল শর্তাবলীর কোনো সম্পর্ক নেই।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথসোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমে ইরান যে শর্তগুলো প্রকাশ করেছে তা সম্পূর্ণ অসত্য। চুক্তি সম্পন্ন হওয়া নিয়ে তেহরানের অবস্থানকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের বক্তব্যের সাথে সত্যের কোনো মিল নেই। একই সঙ্গে তিনি ইরানের কর্মকর্তাদের ‘অত্যন্ত অসম্মানজনক লোক’ হিসেবে অভিহিত করে বলেন, তাদের সঙ্গে সৎ উদ্দেশ্যে কোনো লেনদেন বা আলোচনার সুযোগ নেই। পাশাপাশি, সম্প্রতি বাণিজ্যিক জাহাজের ওপর রাতভর ড্রোন হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এঘটনার পর ইরানকে দ্রুত নিজেদের শুধরে নেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা ৭-দফা বিশিষ্ট একটি খসড়া সমঝোতা স্মারক প্রকাশ করে, যা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের পূর্বে প্রকাশিত খসড়ার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। ইরনা তাদের প্রতিবেদনে দাবি করে, ইরান নতুন করে কোনো পারমাণবিক দায়বদ্ধতা গ্রহণ করবে না এবং হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ কর্তৃত্ব বজায় রাখবে।

অন্যদিকে, অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে জানিয়েছিল, এ চুক্তির মূল কাঠামোতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ন্ত্রণ এবং টোল ছাড়া জলপথটি অবিলম্বে পুনরায় চালু করার বাধ্যবাধকতা রয়েছে। এ টানাপোড়েনের মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, খসড়াটির মূল অংশ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তবে একই সাথে তারা ওয়াশিংটনের বিরুদ্ধে পরস্পরবিরোধী অবস্থানের মাধ্যমে চুক্তির অগ্রগতি ব্যাহত করার পাল্টা অভিযোগ এনেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/