শিরোনাম

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান দাবি করেছেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। তবে বিষয়টি নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে, সকালে সিপিডির বাজেট প্রতিক্রিয়ায় এবারও ‘কালো টাকা সাদা করার সুযোগ’ রাখার সমালোচনা করা হয়। গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা ‘সমর্থনযোগ্য নয়’।

অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, একটি বিষয় বুঝতে ‘ভুল’ হচ্ছে। আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম, অনেক জমি বিক্রি করে যে টাকা পান, কিন্তু রেজিস্ট্রেশনে দাম কম দেখান। অথচ উনার টাকাটা কিন্তু হোয়াইট, উনি জমি বিক্রি করেছেন ৫ কোটি টাকায়, রেজিস্ট্রেশন হয়েছে ১ কোটি টাকায়। বাকি ৪ কোটি টাকা নিয়ে উনি খুব বিপদগ্রস্ত থাকেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা গত বছরেই একটা সুযোগ করেছিলাম যে, উনি যদি বাকি ৪ কোটি টাকা প্রমাণ করতে পারেন যে উনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং উনার যদি বায়নানামা থাকে, যদি প্রমাণ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার ট্যাক্স এবং ১৫ শতাংশ গেইন ট্যাক্স, সেই হারে ট্যাক্স দিয়ে এটা দেখাতে পারবেন।

তিনি আরও বলেন, এটা আমরা গতবারই করেছি, এটা ছিল সেলারের দিক থেকে। এবার বায়ারের জন্যও একইরকম একটা সুবিধা চিন্তা করা হয়েছিল যে, বায়াররাও ঝামেলায় পড়েন যে একটা ফ্ল্যাট উনি কিনলেন ২০ কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হলো ৩ কোটি টাকায়।

আমাদের ট্যাক্সের লোকজন উনাকে গিয়ে আবার চেইজ করে যে, আপনার আমাদের কাছে প্রমাণ আছে আপনি ২০ কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনার এখন এটার উপরে এক্সট্রা ট্যাক্স দিতে হবে, জরিমানাসহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়।

তাদের ‘একটু রিলিফ দেওয়ার জন্য’ এবার বাজেটে নতুন বিষয়টি যুক্ত করা হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, যদি উনারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন, যাতে করে উনি ২০ শতাংশ এক্সট্রা দিয়ে, রেগুলার ট্যাক্সের প্লাস ১৫ শতাংশ এক্সট্রা দিয়ে, যাতে এটা দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এরকম একটা প্রভিশন আছে, তবে এটা নিয়ে যদি আপত্তি থাকে, আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তাভাবনা করবেন।

বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও কথা বলেন। তিনি বলেন, এই যে মৌজা রেটের বিষয়টা, যে সত্যিকার ভ্যালু থেকে অনেক কম থাকে সেটা আপনারা সবাই জানেন। এটার ওপর আমরা কাজ করছি। যেহেতু আমরা সময় পাই নাই, দেড় মাসের মধ্যে বাজেট করতে হয়েছে, অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা শেষ করতে পারিনি।

মন্ত্রী আরও বলেন, মৌজা রেটের বিষয়টা উপর একটা কমিটি হয়েছে এবং মৌজা রেটগুলো আমরা রিভিউ করতে যাচ্ছি। আমরা মৌজা রেটগুলো একটা রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি, যাতে করে ওই কালো টাকা সাদা করার ক্ষেত্রে আর কোনো সুযোগ থাকবে না।

তিনি বলেন, এটা দীর্ঘ একটা কাজ। এখানে কিন্তু সারা বাংলাদেশের একটা সার্ভে করতে হবে। সেটা হবে মৌজাভিত্তিক। এখানে একটা মৌজার বাজারের এক মূল্য, তারপরে ধানের একেবারে চাষ-বাসের জায়গার আরেকটা মূল্য। এই সার্ভেটা আমরা করতে যাচ্ছি এবং এটা কমপ্লিট হলে মৌজা রেটটা যখন মার্কেট রেটের সাথে আমরা নিয়ে আসতে পারবো, তখন কালো টাকা সাদা করার খুব বেশি সুযোগ থাকবে না।

/এফআর/