শিরোনাম

মানবিক ডাক্তার কামরুলের কাছে ‘চাঁদা দাবি’, জামায়াত আমিরের পোস্ট

নিজস্ব প্রতিবেদক
মানবিক ডাক্তার কামরুলের কাছে ‘চাঁদা দাবি’, জামায়াত আমিরের পোস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপন করে দৃষ্টান্ত স্থাপণ করা চিকিৎসক অধ্যাপক ডা.কামরুল ইসলামের কাছে টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে মঈন উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। এবার এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১১ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, অধ্যাপক ডা. কামরুল ইসলাম দেশের শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন। তিনি অসহায় ও গরিবের বন্ধু, মানবিক ডাক্তার হিসেবে সর্বমহলে পরিচিত ও প্রশংসিত। দীর্ঘদিন ধরে একটি অশুভ চাঁদাবাজ চক্র রাজনৈতিক খুঁটির জোরে তার কাছে চাঁদা চেয়ে আসছিল। তিনি অবৈধ চাঁদা দিতে বরাবরই অপারগতা প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত চাঁদাবাজরা এমন একজন জ্যেষ্ঠ, প্রথিতযশা, মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো। তার সঙ্গে গর্হিত আচরণ করল।

তিনি লেখেন, প্রশ্ন হলো—এ রকম অধ্যাপক ডা. কামরুল ইসলামদের সামাজিক সেবা থেকে কারা জনগণকে বঞ্চিত করছে, তা দিবালোকের মতোই পরিষ্কার। এই দুষ্টদের কঠোর হস্তে দমন করা সময়ের দাবি, জনতার দাবি। আমরা এ দাবির দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই।

ডা. শফিকুর রহমান লেখেন, অধ্যাপক ডা. কামরুল ইসলাম সাহেবের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা তার মর্যাদা আরও বাড়িয়ে দিন এবং দুষ্ট চক্রকে তাদের পাওনা বুঝিয়ে দিন। আমিন।

এর আগে, অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে মঈন উদ্দিন নামের এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে যুবদলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে ডা.কামরুল ইসলামের কাছে ছুটে যান যুবদলের শীর্ষ নেতারা। চাঁদা চাওয়া ওই ব্যক্তি যুবদলের নয় জানিয়ে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

/এসবি/