শিরোনাম

প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জামায়াত আমিরের
মতবিনিময় সভায় কথা বলছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই জাতির কারিগর। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আমাদের অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে। আগামী দিনে প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের অবকাঠামোগত উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাতটায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ’ (এফইএবি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এফইএবির সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা ও দেশপ্রেমের কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটিয়ে আমাদের প্রিয় জন্মভূমিকে বিশ্বদরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রকৌশলীদের কারিগরি দক্ষতার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিতে বলীয়ান হতে হবে। আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রকৌশলী সমাজের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এফইএবির ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি প্রকৌশলী মাহমুদুর রহমান। এছাড়াও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি ও প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করা হয়।

/এফআর/