শিরোনাম

নিরঙ্কুশ জয় পেলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
নিরঙ্কুশ জয় পেলো বিএনপি
বিএনপির দলীয় পতাকা (ছবি: সংগৃহীত)

২০২৬ সালের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রাপ্ত ২৯৭টি আসনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। শরিক দলসহ বিএনপির প্রার্থীরা সারা দেশের ২১২টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এর ফলে দলটি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় অর্ধেকের বেশি আসন নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে শুরু হওয়া ফলাফল ঘোষণা আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেষ হয়েছে।

নির্বাচনী এই দৌড়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ৬৮টি আসনে জয় নিয়ে সংসদে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে। তবে দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টির (জাপা) জন্য এই নির্বাচন ছিল চরম বিপর্যয়ের; তারা কোনো আসনেই জয়ের দেখা পায়নি।

অন্যদিকে নতুন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের অবস্থানও বেশ লক্ষ্যণীয়। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি/এনসিপি) ৬টি আসনে জয়লাভ করে সংসদে তাদের অভিষেক ঘটিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও অন্য ছোট দলগুলো সম্মিলিতভাবে ১৪টি আসনে জয়ী হয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী আন্দোলন পেয়েছে ১টি আসন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির এই বিপুল বিজয় জনআকাঙ্ক্ষারই প্রতিফলন। একইসঙ্গে জামায়াতের আসন সংখ্যা বৃদ্ধি এবং এনসিপির মতো নতুন শক্তির উত্থান বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। এই দিনে দেশের মানুষের এদেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এ ব্যাপারে পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান।

চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিত

নির্বাচন স্থগিত হওয়া শেরপুর-২ আসনসহ তিনটি আসন বাদে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনের মতে, এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের ফলাফল ঘোষণা করা যাবে না।

/এফসি/