শিরোনাম

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ছবি : পিএমও

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে দিয়েছেন সরকারি সংসদীয় দল।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বেলা ১১টায়  জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে শেষে সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

নূরুল ইসলাম মনি বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। তিনিই সিদ্ধান্ত দেবেন। আগামীকাল আমরা জানতে পারব। সংসদ উপনেতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায়। আগামীকালই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

চিফ হুইপ বলেন, আগামীকাল স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যাঁর নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।

চিফ হুইপ আরও বলেন, ‘আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ-দেশের মানুষের অধিকার, আশা এবং স্বপ্নের প্রতিনিধিত্বকারী একটি সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ পরিচালনা করা। আমরা চাই সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিপূর্ণ তর্ক ও সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক।’

এ বিষয়ে দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

তিনি আরও বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।

সরকার দলীয় বৈঠকে সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি, সম্ভাব্য সিদ্ধান্ত এবং কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী জানিয়েছেন।

/বিবি/