শিরোনাম

এবার বেইলি রোডে নাটক দেখতে গেলেন প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
এবার বেইলি রোডে নাটক দেখতে গেলেন প্রধানমন্ত্রী
শিকড় চিলড্রেন থিয়েটারের শিশু শিল্পীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে পরিবার নিয়ে মঞ্চনাটক দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নাটক দেখতে যান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মিলনায়তনে পৌঁছে তারা শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন।

সরকারপ্রধানের আগমনের খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা দর্শক, অভিভাবক ও শিশুশিল্পীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে অনেকেই আনন্দ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে মঞ্চে উঠলে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান।

প্রেস সচিব আরও বলেন, শুধু বিনোদনের জন্য নয়, মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন। নাটক শেষে তিনি শিশু শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনেও অংশ নেন।

জানা গেছে, শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হওয়া এ নাটকটি নওশিন আফসানা বৃষ্টির গল্প অবলম্বনে নির্মিত। এর নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস।

এর আগে গত ৩ এপ্রিল কন্যা জাইমা রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখতে গিয়েছিলেন।

/এমআর/