শিরোনাম

ঈদযাত্রা: অবৈধ কাউন্টার উচ্ছেদসহ কঠোর পদক্ষেপ ডিএসসিসির

সিটিজেন ডেস্ক
ঈদযাত্রা: অবৈধ কাউন্টার উচ্ছেদসহ কঠোর পদক্ষেপ ডিএসসিসির
মঙ্গলবার (১০ মার্চ) নগর ভবনে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) নগর ভবনে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ প্রস্তুতির বিষয়গুলো চূড়ান্ত করা হয়।

সভার সিদ্ধান্ত নেওয়া হয়, যাত্রীদের ভোগান্তি নিরসন এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন, অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

সভায় ডিএসসিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক কমিটির সদস্যরা অংশ নেন।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ও আশপাশের এলাকার জন্য নেওয়া পদক্ষেপগুলো হলো–

অবৈধ কাউন্টার ও দোকান উচ্ছেদ

সায়েদাবাদ ব্রিজের ঢাল থেকে টিটিপাড়া পর্যন্ত সড়কের পাশের সব অবৈধ টিকিট কাউন্টার নির্দিষ্ট সময় দিয়ে নোটিশ প্রদান করে অপসারণ করা হবে। পাশাপাশি টার্মিনালের ভেতরে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

নিয়মতান্ত্রিক কাউন্টার বরাদ্দ

টার্মিনালের ভেতরে প্রকৃত বাস কোম্পানিগুলোর জন্য নির্দিষ্ট নীতিমালা অনুসারে টিকিট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। এ কাজে বাস মালিক সমিতি, ডিএসসিসি ও ট্রাফিক পুলিশ সমন্বিতভাবে কাজ করবে।

টার্মিনাল ও বাস-বে ব্যবহার নিশ্চিতকরণ

বাসগুলোকে ডিপো হিসেবে টার্মিনাল ব্যবহার না করে নির্ধারিত পাঁচটি বাস-বে ব্যবহার করতে হবে। যাত্রী ওঠানোর জন্য একটি বাস সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারবে।

যাত্রীসেবা ও অবকাঠামো উন্নয়ন

যাত্রীদের সুবিধার জন্য টার্মিনালে নতুন তথ্যকেন্দ্র (ইনফরমেশন ডেস্ক) এবং মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ স্থাপন করা হবে। এছাড়া ঈদযাত্রার আগে টার্মিনালের অসমাপ্ত সংস্কারকাজ শেষ করা, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায় রোধ

ঈদকে সামনে রেখে যাত্রী সমাগম বাড়ার সুযোগে কোনো পরিবহন যেন সরকার নির্ধারিত ভাড়ার বেশি অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে পরিবহন মালিক সমিতিকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

যানজট নিরসন ও পরিত্যক্ত বাস অপসারণ

টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত বাসগুলো জব্দ করে সরিয়ে নেওয়ার দায়িত্ব ট্রাফিক বিভাগকে দেওয়া হয়েছে। এতে মূল সড়কের যানজট কমাতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে ও দীর্ঘমেয়াদী যানজট নিরসনে সিটি কর্পোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকরা মিলে একসঙ্গে কাজ করবো। যাত্রীদেরকে স্বস্তি দেওয়ার জন্য সমন্বিত সিদ্ধান্তসমূহ যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।’

এছাড়া, আজ বিকালে নগর ভবনে নতুন ডিএসসিসি প্রশাসকের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির দ্বাদশ কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ড সভার সদস্যবৃন্দ প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর 'গ্রিন সিটি, ক্লিন সিটি' বাস্তবায়নে প্রশাসক দৃঢ় ভূমিকা পালন করবেন।

/জেএইচ/