শিরোনাম

অজগরের পেটে ছাগল

বাগেরহাট সংবাদদাতা
অজগরের পেটে ছাগল
ছবি: সংগৃহীত

সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের ছাগল খেয়ে ফেলেছে একটি অজগর সাপ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রাম সংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে অজগর সাপটি দেখতে আশপাশের এলাকার মানুষ সেখানে ভিড় জমায়।

পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসসিএফ) মো. শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার বলেন, রসুলপুর গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময়ের পরও ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। তিনি বিষয়টি সিপিজি সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি উদ্ধার করেন।

কৃষক সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগর সাপটি আমার ছাগলটি আস্ত খেয়েছে ফেলেছে। আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

সিপিজি সদস্য সগির সওদাগর বলেন, ছাগল গিলে খাওয়ার পর সাপটি অসুস্থ হয়ে পড়েছিলো। পরে বন বিভাগের সহায়তায় অজগরটিকে উদ্ধার করে সুন্দরবনের ভেতরে অবমুক্ত করা হয়েছে।

/এসআর/