শিরোনাম

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিটিজেন ডেস্ক
স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছা। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন সিআইডির পরিদর্শক মো. আশরাফুল ইসলাম। আবেদনে বলা হয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মো. আব্দুস সালাম ব্যাপারী, তার স্ত্রী মাহবুবুন্নেছা ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে জানা যায়। তারা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সম্পত্তি অর্জন করেছেন। এ ঘটনার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে যাওয়া রোধ করা দরকার।

গত রবিবার (৮ মার্চ) মো. আব্দুস সালাম ব্যাপারী ঢাকা ওয়াসা থেকে পদত্যাগ করেন। এদিনই সিআইডি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, তারা আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে।

/এসআর/