শিরোনাম

এজাজকে অপসারণ, ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া

নিজস্ব প্রতিবেদক
এজাজকে অপসারণ, ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া
সুরাইয়া আক্তার জাহান ও মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। তিনি আগের প্রশাসক মোহাম্মদ এজাজের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ​মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

সুরাইয়া আখতার জাহান ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এছাড়া অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ওই দিনই এসব সিটি করপোরেশনে প্রশাসক বসানো হয়। তাতে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।

এরপর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে উত্তর সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অল্প দিনেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠতে শুরু করে।

এক পর্যায়ে সেসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এর অংশ হিসেবে এজাজকে দুদকে তলব করা হয়। তিনি হাজির না হওয়ায় গত ১ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত তার দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করে।

আদালতে দুদকের আবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনস্ত মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের ভাগ, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানা বিষয়ে অভিযোগ রয়েছে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে।

/এফসি/