শিরোনাম

ক্ষমা চেয়ে সংযত থাকার প্রতিশ্রুতি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সিটিজেন ডেস্ক
ক্ষমা চেয়ে সংযত থাকার প্রতিশ্রুতি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: বাসস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের কিছু বক্তব্য ও আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে অপ্রয়োজনীয় মন্তব্য এড়িয়ে চলার অঙ্গীকার করেছেন। পবিত্র রমজানের শেষ সময়ে নফল ইবাদতে মনোযোগী হওয়ার আগে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, সাম্প্রতিক সময়ে শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন মহলের পরামর্শ গ্রহণের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় আসেন এই তরুণ নেতা। বিশেষ করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে তার কিছু বক্তব্য সমালোচনার জন্ম দেয়।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন লিখেছেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’

রমজান মাসের শুরু থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে তারাবির নামাজে অংশ নিচ্ছেন। সম্প্রতি ধানমন্ডির একটি মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে নিজের আত্মিক চর্চা শুরু করার কথাও জানান তিনি।

এছাড়া, তিনি উল্লেখ করেন যে বয়োজ্যেষ্ঠ সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা থেকে তিনি সংযত ভাষা ব্যবহার, ব্যক্তিগত আক্রমণ পরিহার এবং গঠনমূলক রাজনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।

এসব পরামর্শ গ্রহণ করে তিনি আরও দায়িত্বশীল ও শান্তভাবে রাজনৈতিক পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।

/এমআর/