শিরোনাম

মধ্যপ্রাচ্যের চার রুটে বিমানের ফ্লাইট স্থগিত

বিশেষ প্রতিনিধি
মধ্যপ্রাচ্যের চার রুটে বিমানের ফ্লাইট স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সরকারি এ বিমান সংস্থা ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মামের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, এর মধ্যে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট আগামিকাল মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত স্থগিত থাকবে। পরে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর ফ্লাইট দুটি পুনরায় চালু হতে পারে।

বিমানের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে যোগাযোগ করুন- বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)।

/বিবি/