শিরোনাম

দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক
দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: সংগৃহীত

জার্মানির উদ্দেশে দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে–৫৮৩) যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন।

বিশেষ সহকারী তৈয়্যবের এক সহযোগীও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার তিনি জানান, ‘ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগ থেকেই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতেই আজ তিনি দেশ ছেড়েছেন।’

দেশত্যাগ প্রসঙ্গে এই বিশেষ সহকারী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। মন্ত্রণালয় থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফয়েজ আহমদ নেদারল্যান্ডসের নাগরিক। তিনি বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিংগো–তে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের উদ্যোগের অংশ হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। পরবর্তীতে মন্ত্রণালয়টি শূন্য হলে একই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন।

/জেএইচ/