শিরোনাম

এনপিটি চুক্তি লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

সিটিজেন ডেস্ক
এনপিটি চুক্তি লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বিষয়ক এক বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধিদল অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) যথাযথভাবে মেনে চলছে না। তারা এ আচরণকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে অভিহিত করেছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের এক বিবৃতিতে বলা হয়, গত ৫৬ বছর ধরে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেডের অধিকারী যুক্তরাষ্ট্র এনপিটির প্রথম ও ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং নিরস্ত্রীকরণের যে বাধ্যবাধকতা রয়েছে, তা ধারাবাহিকভাবে লঙ্ঘন করে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের এই জঘন্য ও দ্বিচারী আচরণের জন্য কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়।’

এছাড়া ইরান দাবি করেছে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই—যতক্ষণ তা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাদের ভাষ্য অনুযায়ী, ইরান অতীতে এই নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করেছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/