শিরোনাম

নির্যাতিতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নির্যাতিতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী
কড়াইল বস্তিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

নির্যাতিত-নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘এখন থেকে আর কাউকে চিন্তা করতে হবে না। কেউ যদি নির্যাতিত-নিপীড়িত, অন্যায়ের শিকার হয়–এর জন্য আইনি সহায়তা নিতে টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না। তাদের জন্য টাকা দিবে সরকার। এটি সরকারের একটি রাজনৈতিক ও নীতিগত অঙ্গীকার।’

তিনি জানান, ‘জার্মান সরকারের আর্থিক সহায়তায় গরীব, অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা হটলাইন ১৬৬৯৯ নাম্বারে কল দিয়ে আইনি সহায়তা পাবেন।’

এসময় বিএনপি নেতাকর্মী ও সংবাদকর্মীদের সরকারের এই পদক্ষেপ সম্পর্কে সবাইকে জানাতে আহ্বান জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

/এফআর/