নতুন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নতুন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি
ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কঠোর পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও ডেপুটি কো-অর্ডিনেটর রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি সাম্প্রতিক সংঘাতগুলোর অভিজ্ঞতা থেকে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা জানান।

সায়ারি বলেন, আমরা যুদ্ধ থেকে অনেক শিক্ষা পেয়েছি, এবং তার মধ্যে একটি হলো আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা।

আট বছরব্যাপী ইরান-ইরাক যুদ্ধের পর থেকেই ইরানি সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের সাফল্য অর্জন করেছে বলে উল্লেখ করেন তিনি। সায়ারি বলেন, সাম্প্রতিক সংঘাতগুলো এ খাতে আরও উন্নতির তাগিদ দিয়েছে। যুদ্ধের পর থেকে সামরিক বিশেষজ্ঞ ও কর্মীরা নিজেদের মেধা, শ্রম ও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে নতুন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করেছেন। ইতোমধ্যে এসব সরঞ্জাম দেশের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে এবং এগুলো শত্রুপক্ষের বড় ধরনের ক্ষতিও করেছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ পুরোদমে চলছে বলে জানান এ শীর্ষ সামরিক কর্মকর্তা। যেকোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান পুরোপুরি প্রস্তুত জানিয়ে সায়ারি সতর্ক করে বলেন, শত্রু আমাদের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তবিক মোকাবিলা করবে এবং যদি হামলা চালায়, তবে এর প্রভাব দেখতে পাবে।

এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ী। পারস্য উপসাগরের একটি দ্বীপে মোতায়েনকৃত নৌ ইউনিট পরিদর্শনে গিয়ে তিনি জানান, এ জলপথের নিয়ন্ত্রণ কেবল মুখের কথা নয়, বরং এটি একটি প্রতিষ্ঠিত সামরিক বাস্তবতা। সাগরের প্রতিকূল পরিবেশ মোকাবিলায় সক্ষম দৃঢ়চেতা ইরানি নৌসেনাদের হাতেই এ প্রণালীর দায়িত্ব রয়েছে।

ওজমায়ী বলেন, আমরা শুধু এ জলপথই নিয়ন্ত্রণ করি না, বরং হরমুজ প্রণালির কেন্দ্রস্থলে সমীকরণ পাল্টে দেওয়ার ক্ষমতাও স্থাপন করেছি। আন্তর্জাতিক এ নৌপথে নিরাপদ ও শান্তিপূর্ণ জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে ইরানের সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, কুয়েতে হামলার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একটি বৃহত্তর যুদ্ধে জড়াতে ইসরায়েল এই ষড়যন্ত্র করছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/