জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনকে বৈধতা দিয়েছে ইসরায়েল: প্রতিবেদন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনকে বৈধতা দিয়েছে ইসরায়েল: প্রতিবেদন
ফিলিস্তিনি বন্দীরা। ছবি: গার্ডিয়ান

ফিলিস্তিনি বন্দীদের মুখ থেকে জোর করে স্বীকারোক্তি বের করতে নির্যাতনকে এখন নিয়মিত কৌশল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদে এ অমানবিক পদ্ধতিকে কার্যত বৈধতা দেওয়া হয়েছে। ইসরায়েলের নির্যাতনবিরোধী সংগঠন পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল (পিসিএটিআই) বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

গত এক দশকে শিন বেতের কর্মকর্তাদের বিরুদ্ধে আসা ৪২টি নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখেছে পিসিএটিআই। সংস্থাটির পর্যবেক্ষণে উঠে এসেছে, এসব অভিযোগকারীর চার ভাগের তিন ভাগেরও বেশি মানুষ শারীরিক নির্যাতন কিংবা বেআইনি চাপের মুখে পড়ে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছেন। এমনকি প্রতি ১০ জনের মধ্যে একজন অসহ্য নির্যাতন সইতে না পেরে অন্য নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধেও জবানবন্দি দিয়েছেন।

প্রতিবেদনটিতে জিজ্ঞাসাবাদের নামে চলা ভয়াবহ সব পদ্ধতির বিবরণ দেওয়া হয়েছে। বন্দীদের টানা কয়েক দিন ঘুমাতে না দেওয়া, চড়-থাপ্পড় ও লাথি মারা, হুমকি দেওয়া এবং যৌন নির্যাতনের মতো ঘটনা সেখানে প্রায় নিয়মিত ব্যাপার। এছাড়া ঘণ্টার পর ঘণ্টা অস্বাভাবিক ও যন্ত্রণাদায়ক ভঙ্গিতে বন্দীদের আটকে রাখা হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, এমন কিছু ঘটনার উল্লেখ শিন বেতের নিজস্ব সরকারি নথিতেও পাওয়া গেছে।

নির্যাতনের ভয়াবহতা বোঝাতে ২০১৯ সালের ফেব্রুয়ারির একটি ঘটনার উল্লেখ করেছে পিসিএটিআই। সে সময় এক ফিলিস্তিনি আইনজীবীকে গ্রেপ্তারের পর টানা ২৭ দিন ধরে মোট ৫৫২ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ, প্রতিদিন গড়ে ২০ ঘণ্টা তাকে জেরার মুখে থাকতে হয়েছে, যার মধ্যে একবার টানা প্রায় ৪৮ ঘণ্টা তাকে বিশ্রামহীনভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরবর্তীতে সেই নির্যাতনের মুখে আদায় করা তথ্যের ওপর ভিত্তি করেই একটি গুলির ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। অথচ ১৯৯৯ সালেই ইসরায়েলের সুপ্রিম কোর্ট জিজ্ঞাসাবাদের সময় ইচ্ছাকৃতভাবে কাউকে ঘুম থেকে বঞ্চিত করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

সংগঠনটির তথ্যমতে, ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিন বেতের বিরুদ্ধে ১ হাজার ৬৮০টির বেশি নির্যাতনের অভিযোগ জমা পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এতগুলো অভিযোগের একটিতেও এখন পর্যন্ত কোনো কর্মকর্তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।

পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক সারি বাশি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য ইসরায়েলের আইনি ব্যবস্থায় নির্যাতনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হচ্ছে। স্বীকারোক্তিতে দেওয়া তথ্য সত্য কি না, তা বিবেচনায়ও নেওয়া হচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদের বিশেষ পরিস্থিতিতে নির্যাতন চালানোর আইনি সুযোগ রাখা হয়েছে এবং সেখানে জবানবন্দির সত্যতা যাচাইয়ের কোনো গুরুত্বই দেওয়া হয় না। জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে ইসরায়েল স্বাক্ষর করলেও বাস্তবে শিন বেত কর্মকর্তারা প্রয়োজনীয় মনে করলে ঊর্ধ্বতনদের অনুমতি নিয়ে বন্দীদের ওপর নির্যাতন চালাতে পারেন।

এদিকে, মার্চে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া নতুন এক আইন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আইনে প্রাণঘাতী হামলার ঘটনায় সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। কিন্তু একই অপরাধে জড়িত কোনো ইহুদি ইসরায়েলির ক্ষেত্রে এ আইন কার্যকর হবে না। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, আইনটি কার্যকর হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

পিসিএটিআইয়ের আশঙ্কা, নির্যাতনের মাধ্যমে আদায় করা মিথ্যা স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে বিচারব্যবস্থায় অপূরণীয় ভুলের ঝুঁকি তৈরি হবে। সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি কারাগারগুলোতে বন্দীদের ওপর নির্যাতনের মাত্রা বহুগুণ বেড়েছে। মারধর, প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দেওয়া, বৈদ্যুতিক শক এবং ধর্ষণের মতো জঘন্য সব ঘটনার তথ্য নথিভুক্ত করেছে মানবাধিকার সংস্থাগুলো। ওই সময়ের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/