বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠলো পাকিস্তান

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠলো পাকিস্তান
৬২ রান করেন হাসান নাওয়াজ

এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার (২৭ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করে শাহাদাত হোসেনের অপরাজিত ১০৩ রানে ভর করে বাংলাদেশ করে ৮ উইকেটে ২৩২ রান। ৫ উইকেট হাতে রেখে ২৮ বল বাকি থাকতে জয় পায় পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানের মধ্যে দুই উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে সেই বিপদ সামাল দেন হাসান নাওয়াজ ও শাহজাইব খান। নাওয়াজ ৯১ বলে ৬২ করে আউট হলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা।

শাহজাইব ৩ চার ও ১ ছক্কায় ৫০ রান করে আউট হন। চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছায় পাকিস্তান ‘এ’ দল। অধিনায়ক আব্দুল সামাদ ৩৩ বলে ৪৪ রান করে ফিরলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল ২ চার ও ৪ ছক্কা।

সামাদ ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছান ফারহান ইউসুফ (৪৬*) ও রোহাইল নাজির (২*)।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান।

এর আগে বাংলাদেশ ‘এ’ দল লড়াইয়ের পুঁজি পায় শাহাদাতের সেঞ্চুরি আর মাহিদুল ইসলাম অঙ্কনের ৪২ রানে ভর করে। এছাড়া ২৮ রান করেন মেহরব।

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে আগামী রবিবার (২৯ নভেম্বর) মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। এই দুই দলই টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে।

/টিই/