শিরোনাম

ইরান যুদ্ধ: আইআরজিসি মুখপাত্র নাঈনি নিহত

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ: আইআরজিসি মুখপাত্র নাঈনি নিহত
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি। ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি হামলায় এবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর হামলায় ইরানের একাধিক শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। এ ছাড়া নিরাপত্তা প্রধান আলী লারিজানি, আধাসামরিক বাহিনী বাসিজ-এর প্রধান গোলামরেজা সোলেইমানি এবং গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই যুদ্ধে নিহত হয়েছেন।

একের পর এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুতে ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা ক্ষেপণাস্ত্র উৎপাদন সংক্রান্ত দাবির কড়া জবাব দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, আইআরজিসির মতো গুরুত্বপূর্ণ বাহিনীর মুখপাত্রের মৃত্যু ইরানের সামরিক ও কৌশলগত অবস্থানে বড় ধরনের ধাক্কা। এই হত্যাকাণ্ডের পর তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা করা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো নায়েইনিকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছে এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা সময় সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

/এফসি/