শিরোনাম

মধ্যপ্রাচ্যের পথে আরও ৪ হাজার সেনাসহ মার্কিন যুদ্ধজাহাজ

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যের পথে আরও ৪ হাজার সেনাসহ মার্কিন যুদ্ধজাহাজ
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপকহারে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও মধ্যপ্রাচ্যে কয়েকটি যুদ্ধজাহাজসহ ৪ হাজার মেরিন সেনা ও নাবিক মোতায়েন করতে যাচ্ছে পেন্টাগন।

শুক্রবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজম্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই বহরে ইউএসএস বক্সার যুদ্ধজাহাজের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক এফ-৩৫ ফাইটার জেট, বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং স্থল অভিযানের উপযোগী উভচর সামরিক যান। নাম প্রকাশে অনিচ্ছুক চার কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মূলত স্থলভাগে সরাসরি যুদ্ধের প্রস্তুতি হিসেবেই এই বিশাল সামরিক বহর পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ মার্চ মধ্যপ্রাচ্যে প্রায় আড়াই হাজার মেরিন সেনা এবং জল ও স্থলে আক্রমণে সক্ষম ‘ইউএসএস ত্রিপোলি’ যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও সংলগ্ন এলাকায় ইরানের টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা এবং হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতেই যুক্তরাষ্ট্র এই কঠোর অবস্থান নিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এই মোতায়েনের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পেন্টাগনের এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।

/এফসি/