শিরোনাম

ঈদযাত্রায় জনগণের ওপর জুলুম হচ্ছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রায় জনগণের ওপর জুলুম হচ্ছে: ডা. শফিকুর রহমান
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘর ফেরা মানুষের চরম ভোগান্তি এবং পরিবহন খাতের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি অভিযোগ করেছেন, ঈদযাত্রায় সাধারণ মানুষের ওপর চরম জুলুম করা হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ওই পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এ অব্যবস্থাপনার মূলভিত্তি এটিই।

জামায়াতের আমির পোস্টে লেখেন, জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে, বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদযাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?

বিরোধীদলীয় নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে আরও লেখেন, কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ–জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না। অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরকেই এই সমস্ত দায় বহন করতে হবে।

/এফসি/