শিরোনাম

ট্রাম্পের সময়সীমা শেষ হতে ১১ ঘণ্টা বাকি, হামলা নিয়ে যা জানা গেলো

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের সময়সীমা শেষ হতে ১১ ঘণ্টা বাকি, হামলা নিয়ে যা জানা গেলো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ২৪ মার্চ (মঙ্গলবার) ভোর ৫টা ৪৪ মিনিটে শেষ হবে।

গতকাল ২২ মার্চ (রবিবার) ভোর ৫টা ৪৪ মিনিটে তিনি ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এই হুমকি দেন। সেই হিসেবে আল্টিমেটাম শেষ হতে আর ১১ ঘণ্টা ৪৪ মিনিট বাকি আছে।

এই সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক না করে, তবে ট্রাম্প ইরানের বড় বড় বিদ্যুৎকেন্দ্র ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন।

তবে সিএনএন-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরানের সাথে আলোচনার পথ খোলা রেখে এই হামলা আপাতত ৫ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

এদিকে সময়সীমা শেষ হলে হামলা আরও জোরদার হতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলা হলে তেজুস্ক্রিয়তা ছড়ানোর আশংকায় বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।

ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন-ইসরায়েলি হামলাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের হামলার ফলাফল মারাত্মক এবং অপূরণীয় হতে পারে।

বিভিন্ন দেশের কূটনীতিকরা জানিয়েছেন, সময়সীমা ঘোষণার পর থেকেই কূটনীতিকদের মধ্যে একের পর এক ফোনালাপ চলছে। ঈদের ছুটি থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের কর্মকর্তারা দূতাবাস ও সরাসরি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তারা ট্রাম্পকে বারবার জানাচ্ছেন—বর্তমান উত্তেজনা বৃদ্ধি ইরান বা ইসরায়েল, কারোর জন্যই ইতিবাচক নয়। পরিস্থিতি সামাল দিতে একাধিক বিষয় বিবেচনায় নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

এর মধ্যে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলার বিষয়ে ট্রাম্পের হুমকি এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ক্ষেত্র ও বিদ্যুৎ কেন্দ্রে ইরানের পাল্টা হামলার হুমকি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ইরান তাদের হামলার ধরনেও পরিবর্তন এনেছে। সম্প্রতি ইসরায়েলের ভেতরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। আগের সংঘাতগুলোতে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি, এমনকি এ ধরনের হামলা ট্রাম্পের হুমকির মধ্যেই ঘটেছে।

/এমআর/