শিরোনাম

লন্ডনে ৪টি অ্যাম্বুলেন্সে আগুন, পুলিশের ধারণা ইহুদি বিদ্বেষ

সিটিজেন ডেস্ক
লন্ডনে ৪টি অ্যাম্বুলেন্সে আগুন, পুলিশের ধারণা ইহুদি বিদ্বেষ
লন্ডনে একটি ইহুদি সংস্থার ৪টি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের দৃশ্য। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি সম্প্রদায়ের একটি জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা হাতজোলার ৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ মার্চ) পুলিশ জানিয়েছে ,স্থানীয় সময় রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তারা এ নাশকতামূলক হামলার খবর পায়। এ ঘটনাকে একটি 'ইহুদিবিদ্বেষী ঘৃণ্য অপরাধ' হিসেবে বিবেচনা করে এরইমধ্যে তদন্ত শুরু করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

লন্ডন ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে ৬টি অগ্নিনির্বাপক ইঞ্জিন এবং প্রায় ৪০ জন কর্মীকে নিয়োজিত করতে হয়। আগুনে ৪টি অ্যাম্বুলেন্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, অ্যাম্বুলেন্সে থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের একটি ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে যায়। তবে ভয়াবহ এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সুপার সারাহ জ্যাকসন জানিয়েছেন, বর্তমানে ঘটনাস্থলে অনুসন্ধান চালানো হচ্ছে। তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পর্কেও অবগত আছি। হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে স্থানীয় কমিউনিটির সহযোগিতা কামনা করেছে লন্ডন পুলিশ।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/