শিরোনাম

জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে এসেছে বিএনপি: গোলাম পরওয়ার

টেকনাফ সংবাদদাতা
জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে এসেছে বিএনপি: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। তিনি এই অবস্থানকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে উল্লেখ করেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাংগঠনিক সফরে কক্সবাজারে এসে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সহস্রাধিক প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে।’

তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরোক্ষভাবে আদালতে রিট করিয়ে বিষয়টিকে বিচারাধীন করা হয়েছে। তার দাবি, সরকারের পরোক্ষ মদদে এটি করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

জামায়াতের এই নেতা বলেন, ‘একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া-এটি স্পষ্ট দ্বিচারিতা।’

গণভোট প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার দাবি করেন, জাতীয় নির্বাচনের চেয়েও গণভোটে এই সনদের পক্ষে বেশি জনসমর্থন ছিল। তিনি যোগ করেন ‘আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই সংসদের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

রাজনৈতিক সংকট নিরসনে তিনি সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথ- উভয় ক্ষেত্রেই জনগণের পক্ষে ভূমিকা পালন করবে বলে মত দেন তিনি।

/টিই/