কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের সিসিটিভি ফুটেজ

কুষ্টিয়া শহরে নিজ বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকেগ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি। পুলিশের সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

তিনি বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আসামি ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। তার ভাইআকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

এর আগে সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেন ইমন। ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল। এ সময় অভিযুক্ত ইমন পেছন থেকে আকস্মিকভাবে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ওই শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চিকিৎসকেরা।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত হামলাকারীকে শনাক্ত করে দ্রুত অভিযানে নামে পুলিশ। হামলার ঘটনার পরপরই নিজের বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায় ইমন। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পায়নি। তবে পলাতক থাকা অবস্থায় পুলিশের নিরবচ্ছিন্ন নজরদারি ও অভিযানের মুখে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার এ বিষয়ে বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে আরেকটু সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করা হবে বলেও জানান তিনি।

এদিকে বর্বরোচিত এ ঘটনার পরপরই শহরজুড়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান পার্কসহ শহরের বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে ১ ঘণ্টার ব্যবধানে অন্তত ১৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/জেএইচ/