তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৭

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৭
তুরস্কের লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণ

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দেশটির ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় অবস্থিত অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আলিয়াগার হাবাস দেমির চেলিক কারখায় এ বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সকলেই ওই কারখানার শ্রমিক ছিলেন। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, কারখানাটির ভেতরে ভয়াবহ আগুন লেগেছে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডুলী ছড়িয়ে পড়েছে।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুপুরের দিকে একটি ক্রেনের মাধ্যমে নতুন বয়লার সরানোর সময় সেটি ভেঙে পড়ে। এতে বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার পর তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা একটি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে রয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বাধীন নাগরিক সমাজ সংস্থা ‘টার্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ’।

এদিকে ঘটনার পর প্রথমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মৃতের সংখ্যা ১৬ বলে জানান। পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু বলেন, গুরুতর আহতদের মধ্যে একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে আশপাশের মাটি কেঁপে ওঠে। প্রথমে একজন প্রত্যক্ষদর্শীর ধারণা হয়েছিল, ভূমিকম্প হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে কাজ চলার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।

এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।

সূত্র: বিবিসি

/জেএইচ/