৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
আহসান হাবিব

চার মাস আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন আহসান হাবিব। এবার তিনি এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। আজ সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব করে এনবিআরের চেয়ারম্যান করা হয় আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের এ কর্মকর্তাকে।

আহসান হাবিব এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান গত ২৯ জুন। কর ক্যাডারের এই কর্মকর্তা মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন। এই প্রথম এনবিআর কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

আহসান হাবিব এনবিআরের সদস্য হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধানের নেতৃত্ব দেন তিনি।