শিরোনাম

হরমুজ প্রণালি স্বাভাবিক হলে তেল রপ্তানিতে ফিরতে চায় ইরাক

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি স্বাভাবিক হলে তেল রপ্তানিতে ফিরতে চায় ইরাক
হরমুজ প্রণালি। ছবি: ব্লুমবার্গ

হরমুজ প্রণালির চলমান সংকট কেটে গেলে মাত্র এক সপ্তাহের মধ্যেই ইরাক তেল উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে জানিয়েছেন দেশটির উপ-তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ।

তিনি জানান, বর্তমানে ইরাকের দৈনিক তেল উৎপাদন প্রায় ১৫ লাখ ব্যারেলে পৌঁছেছে। এর মধ্যে আনুমানিক ২ লাখ ব্যারেল তেল তুরস্কের জেহান বন্দর হয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হচ্ছে।

উপ-তেলমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রপ্তানি কার্যক্রম দ্রুত বাড়ানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুটি তেলবাহী ট্যাংকার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে আরও দুটি ট্যাংকার যুক্ত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছিল, যার ফলে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ইরাক দ্রুত রপ্তানি বাড়িয়ে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার আশা করছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/