শিরোনাম

ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ

বিনোদন ডেস্ক
ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ
ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মাদক ও অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস সংলগ্ন এলাকায় এই অভিযোগ দায়ের করেছেন প্রসিকিউটররা।

গত মার্চ মাসের শুরুর দিকে ব্রিটনিকে আটক করা হলেও অভিযোগপত্রে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি, তিনি ঠিক কোন ধরনের পদার্থ গ্রহণ করেছিলেন।

তবে ব্রিটনির ভক্তদের সুখবর হলো ৪৪ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে আনা অভিযোগটি হালকা ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী সোমবার (৪ মে) ভেনচুরা কাউন্টি আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি হওয়ার কথা। তবে এটি ছোট ধরনের অপরাধ হওয়ায় তিনি নিজে উপস্থিত না থেকেও আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবেন।

ঘটনার পর ব্রিটনির পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে তিনি নিজেই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, যদি ব্রিটনি আপসের মাধ্যমে দোষ স্বীকার করেন, তাহলে কারাদণ্ড এড়ানোর সুযোগ থাকতে পারে।

নব্বইয়ের দশকের শেষ দিকে ‘বেবি ওয়ান মোর টাইম’সহ একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন ব্রিটনি স্পিয়ার্স।

২০২৩ সালে প্রকাশিত তার আত্মজীবনীতে ব্রিটনি দাবি করেন, তিনি কখনোই কঠিন মাদক গ্রহণ করেননি এবং তার মদ্যপানের সমস্যা ছিল না। তবে চিকিৎসাজনিত কারণে কিছু ওষুধ গ্রহণের বিষয়টি স্বীকার করেছিলেন।

/টিই/