শিরোনাম

কূটনীতির পাশাপাশি প্রতিরক্ষায়ও প্রস্তুত ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

সিটিজেন ডেস্ক
কূটনীতির পাশাপাশি প্রতিরক্ষায়ও প্রস্তুত ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সিটিজেন গ্রাফিক্স

যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গরিবাবাদি।

শনিবার (২ মে) তেহরানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশন প্রধানদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, বিদ্যমান সংকট সমাধানে ইরান সবসময়ই স্বার্থভিত্তিক কূটনীতিকে গুরুত্ব দিয়ে এসেছে এবং সেই অনুযায়ী ভূমিকা পালন করেছে।

তিনি আরও জানান, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে ইরান ইতোমধ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছে, যেখানে দেশটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এখন পরিস্থিতি কোন পথে এগোবে, কূটনৈতিক সমাধান নাকি সংঘাতের ধারাবাহিকতা—তা অনেকটাই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।

গরিবাবাদি বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের দীর্ঘদিনের অবিশ্বাসের কথাও পুনর্ব্যক্ত করেন, তবে কূটনৈতিক প্রচেষ্টায় ইরানের আন্তরিকতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া সংঘাত ৮ এপ্রিল থেকে স্থগিত রয়েছে। এর মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত এক দফা শান্তি আলোচনা ফলপ্রসূ না হলেও মধ্যস্থতার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/