শিরোনাম

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

সিটিজেন ডেস্ক
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক
ইসলামাবাদে আসিম মুনির ও আরাঘচির বৈঠক। ছবি: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে তেহরানে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যে এ উচ্চপর্যায়ের আলোচনা হয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর শুরু হওয়া বিধ্বংসী যুদ্ধ বন্ধে পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবেই তেহরান সফরে গেছেন পাক সেনাপ্রধান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে দুই পক্ষই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা স্থায়ীভাবে প্রশমিত করতে পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।

এর আগে পাকিস্তানের ঐকান্তিক প্রচেষ্টায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, তেহরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত উদ্বেগ নিরসন এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো নিয়ে উভয় পক্ষই নানা প্রস্তাব ও পাল্টা প্রস্তাব পর্যালোচনা করছে।

এ শান্তি আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, সমঝোতার ক্ষেত্রে সামান্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৮ মে) এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে ইরানজুড়ে নতুন করে হামলা চালানো স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/