তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৬

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৬
যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে

তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ প্রদেশে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। এ ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। গাজিয়ানতেপ-ওসমানিয়ে মহাসড়কের ‘আকারোবা’ নামক গ্রামীণ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নেমে পড়ে জরুরি চিকিৎসা দল, আধাসামরিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ‘আফাদ’। আহতদের দ্রুত উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে বলতে গিয়ে গাজিয়ানতেপের ডেপুটি গভর্নর ইলকার একার জানান, গাড়ি চালকের ভুলভাবে ওভারটেক করার চেষ্টার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত তদারক করার জন্য একজন ডেপুটি চিফ প্রসিকিউটর ও দুজন প্রসিকিউটরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ১৫ আগস্ট দিয়ারবাকিরে একটি মিনিবাস উল্টে যাওয়ার ঘটনায় সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছিলেন। ঐ মর্মান্তিক দুর্ঘটনার এক মাস যেতে না যেতেই আবারও এই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলো।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/