যুদ্ধ অথবা কূটনীতি উভয়ের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুদ্ধ অথবা কূটনীতি উভয়ের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

হরমুজ প্রণালি পুনরায় খোলার ইরানের দেওয়া প্রস্তাব নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দেশটির পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে একই সঙ্গে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করছেন না তারা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বিষয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প হয়তো নতুন করে বোমা হামলা শুরু করতে পারেন। এ প্রসঙ্গেই আরাঘচি বলেন, ‘পুনরায় যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত, এবং আমি আবারও বলছি, যেকোনো নতুন আগ্রাসনের মুখে আমরা দৃঢ়ভাবে দাঁড়াব, এমনকি তা যদি মহাপ্রলয়ের যুদ্ধও হয়।’ তিনি আরও যোগ করেন, এ সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টকেই নিতে হবে।

গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা দিয়েছিল তেহরান। প্রস্তাব অনুযায়ী, সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের বিষয়ে বলা ছিল ছিল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘তিনি এ প্রস্তাব মেনে নেননি। তার ভাষায়, আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। তারা এমন একটি চুক্তি করতে চায় যেখানে তারা অবিলম্বে প্রণালিটি খুলে দেবে, কারণ তারা বাজেভাবে হারছে।’ কিন্তু আরাঘচি জানান, ট্রাম্প গণমাধ্যমে এ কথা বললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে আনুষ্ঠানিকভাবে এখনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংঘাত থামানোর চুক্তির শর্ত হিসেবে প্রণালিটি খুলে দিতে তেহরান রাজি আছে। এর বিনিময়ে তাদের অবৈধভাবে জব্দ করা অর্থ ও সম্পদ ফিরিয়ে দিতে হবে এবং নির্বিঘ্নে তেল বিক্রির সুযোগ দিতে হবে।

তার দাবি, এ শর্তগুলো নতুন কিছু নয় এবং যুক্তরাষ্ট্র এর আগেও এমন শর্তে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। তিনি জানান, জুনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। সেখানে একটি অস্থায়ী যুদ্ধবিরতির পরিকল্পনা ছিল, যা নতুন করে হামলা শুরুর কারণে ভেস্তে যায়। বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে আরাঘচি বলেন, ‘আমাদের মতে, কূটনীতিতে ফিরে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা এখনও কূটনীতি চালিয়ে যাচ্ছি, কারণ আমি মনে করি শান্তির কোনো সুযোগই হাতছাড়া করা উচিত নয়।’

সূত্র: এনবিসি নিউজ

/এমএকে/