শিরোনাম

মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিলো ইরান

সিটিজেন ডেস্ক
মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিলো ইরান
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। রবিবার (১০ মে) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের স্থায়ী অবসান এবং পারস্য উপসাগরে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। ইরান স্পষ্ট করে দিয়েছে, পারমাণবিক কর্মসূচির মতো অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো আলোচনার পরবর্তী ধাপের জন্য রাখা উচিত, যাতে বর্তমান আগ্রাসন বন্ধের প্রক্রিয়াটি কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।

চলতি সপ্তাহের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরই তারা মার্কিন প্রস্তাবের চূড়ান্ত জবাব দেবে। মূলত মার্কিন-ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধের লক্ষ্যে ইরানের পেশ করা ১৪-দফা দাবিনামার বিপরীতে ওয়াশিংটন এ প্রস্তাব পাঠিয়েছিল। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, তেহরানের সর্বশেষ জবাবের মূল কেন্দ্রবিন্দু হলো আগ্রাসন বন্ধ এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১১-১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের কিছু চরমপন্থী দাবির কারণে ঝুলে যায়।

বর্তমানে আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। যুদ্ধের শুরু থেকেই এ জলপথটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তেহরান ইঙ্গিত দিয়েছে, যদি আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হয় এবং ইরানের ওপর থেকে সকল অবৈধ নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার করা হয়, তবেই তারা এ গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় খুলে দিতে প্রস্তুত। দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতে, চুক্তিতে পৌঁছানোর প্রথম ধাপে অবশ্যই জাহাজ চলাচল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। তবে শান্তি প্রক্রিয়ার ধারাবাহিকতায় পরবর্তী পর্যায়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরান আগ্রহী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/এমএকে/