শিরোনাম

মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক, কাটেনি অনিশ্চয়তা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক, কাটেনি অনিশ্চয়তা
ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি বিমান

ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় মধ্যপ্রাচ্যের কিছু গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু করতে শুরু করেছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো। তবে নিরাপত্তা উদ্বেগ ও আকাশসীমা ব্যবহারে অনিশ্চয়তার কারণে এখনো বহু রুটে ফ্লাইট স্থগিত রয়েছে, যা বৈশ্বিক ভ্রমণ ব্যবস্থায় প্রভাব ফেলছে।

কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডা জানিয়েছে, তারা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তেল আবিব ও দুবাইগামী সব ফ্লাইট বাতিল রাখবে।

এয়ার ফ্রান্স জানিয়েছে, তেল আবিবগামী ফ্লাইট ২ জুলাই পর্যন্ত, দুবাইগামী ফ্লাইট ৫ জুলাই পর্যন্ত এবং বৈরুতগামী ফ্লাইট ৯ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে তাদের সহযোগী ডাচ এয়ারলাইন কেএলএম ২৩ আগস্ট পর্যন্ত রিয়াদ, দাম্মাম ও দুবাই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন বিমান সংস্থা ডেল্টা এয়ার লাইনস আটলান্টা-তেল আবিব রুটে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে। তবে ৬ সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক-তেল আবিব রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বোস্টন-তেল আবিব রুট চালুর পরিকল্পনা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

জার্মানির লুফথানসা গ্রুপের আওতাধীন লুফথানসা ও আইটিএ এয়ারওয়েজ ১ জুলাই থেকে তেল আবিবে ফ্লাইট পুনরায় চালু করেছে। তবে সুইস এয়ারলাইন্স আগস্টের আগে এ রুটে ফিরছে না। ব্রাসেলস এয়ারলাইন্সও ২৪ অক্টোবর পর্যন্ত তেল আবিবে ফ্লাইট স্থগিত রাখবে।

লুফথানসা ও সুইস এয়ারলাইন্স ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইগামী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া লুফথানসা গ্রুপের কয়েকটি এয়ারলাইন ২৪ অক্টোবর পর্যন্ত আবুধাবি, আম্মান, বৈরুত, দাম্মাম, রিয়াদ, এরবিল, মাস্কাট ও তেহরানগামী ফ্লাইট পরিচালনা বন্ধ রাখবে।

লুফথানসা ও তুর্কি এয়ারলাইন্সের যৌথ উদ্যোগ সানএক্সপ্রেস দুবাইগামী ফ্লাইট ৩০ জুন পর্যন্ত এবং বাহরাইন, বৈরুত ও এরবিলগামী ফ্লাইট ১৪ জুলাই পর্যন্ত বাতিল করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘অত্যন্ত ভালোভাবে’ এগোচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র আলোচনায় অর্জিত অগ্রগতি ধরে রাখতে কাজ করছে।

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা স্পষ্ট—সদিচ্ছার ভিত্তিতে আলোচনা চালিয়ে গিয়ে একটি সমঝোতায় পৌঁছানো। তিনি আরও দাবি করেন, ইরানের নেতৃত্বের মধ্যেও সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার বিষয়ে ইতিবাচক আগ্রহ দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলেও মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি।

/এমআর/