শিরোনাম

নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ
রাজধানী পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্ট পরে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাজধানী পূর্বাচলে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই পোশাকে দেখা গেছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বুধবার থেকে পুলিশ সদস্যরা নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেছেন। এখনো সব পুলিশ সদস্য এই পোশাক পাননি। আশা করি অল্প সময়ের মধ্যে সবাই পেয়ে যাবেন।

বাংলাদেশ পুলিশ সংস্কারের অংশ হিসেবে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পরই পোশাকে পরিবর্তন আনা হয়। তবে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সেটি আবার বদলানোর সিদ্ধান্ত হয়। ৭ মাস পর ফের আগের শার্ট ফিরে এসেছে পুলিশ সদস্যদের গায়ে। তবে প্যান্টের রঙ পরিবর্তন হয়েছে।

এদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্টে ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরা অবস্থায় দেখা যায়।

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ২০২৫ সালের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রং আয়রন বা লোহা-ধূসর, আর প্যান্টের রং কফি শেল বা কফি-বাদামি ধূসর করা হয়। ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। যদিও সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পোশাকের রং নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর সেই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায়। গত ১৮ জুন পোশাকের রঙ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর। প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণ হাতা পোশাকের রংসংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়। নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে ৪টি পকেট থাকবে। সামনের অংশে সমদূরত্বে ৭টি বোতাম থাকবে।

নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজের কথা বলা হয়েছে।

নারী পুলিশ সদস্যরা মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণ হাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্য সাধারণ পোশাক পরতে পারবেন।

প্রজ্ঞাপনে মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা। শীতকালে শার্ট হবে পূর্ণ হাতা। মাথার আবরণের ক্ষেত্রে বলা হয়েছে, সেটি অনুমোদিত গাঢ় নীল রঙের হবে।

/এফসি/