সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে ছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

আদালত সংবাদদাতা
আদালত সংবাদদাতা
সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে ছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
পুলিশ প্রহরায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

আওয়ামী লীগ শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আদালতে যুক্তিতর্ক শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রাষ্ট্রপক্ষের তরফে প্রথম দিনে শুনানি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

ট্রাইব্যুনালের আদেশে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে এদিন সশরীরে হাজির না করে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়। আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

মামলার প্রথম দিনের যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

শুনানির শুরুতে চিফ প্রসিকিউটর মামলার সার্বিক প্রেক্ষাপট ও ঘটনাবলি তুলে ধরেন। এরপর জিয়াউল আহসানের সাবেক দেহরক্ষী ও মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান তিনি।

পরে মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া, সপ্তম সাক্ষী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মনিরুল হক, মেজর সাজ্জাদুল ইসলাম এবং ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দির অংশবিশেষ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ১৫তম সাক্ষী হিসেবে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সাক্ষ্য দেন। পরে ২২ নভেম্বর জিয়াউল আহসান আত্মপক্ষ সমর্থনে একজন সাফাই সাক্ষী উপস্থাপন করেন।

জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ১৬ আগস্ট তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের এ মামলায় সাক্ষীদের বর্ণনায় ১৫০ থেকে ২০০ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দেশের ইতিহাসে এটাই প্রথমবারের মতো যুক্তিতর্ক। একজন ব্যক্তি দ্বারা এত হত্যাকাণ্ডের ঘটনা এর আগে কখনো ঘটেনি।

মামলায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ জিয়াউল আহসানের সহযোগী কয়েকজন সামরিক কর্মকর্তাকেও সাক্ষী করার বিষয়ে তিনি বলেন, গুম ও হত্যার ঘটনাগুলো যারা প্রত্যক্ষ করেছেন, তাদের অনেকেই অভিযুক্তের সহযোগী ছিলেন। এ কারণে ফৌজদারি বিচারব্যবস্থার বিধান অনুযায়ী তাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

‘সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে ছিলেন জিয়াউল’

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং মেজর সাব্বির ও মেজর মনিরুল হকের সাক্ষ্যের বরাতে ‍যুক্তিতর্ক উপস্থাপনকালে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের সহযোগী কমান্ডার সোহেল এবং তার সঙ্গে থাকা কয়েকজন সাংবাদিককে বোটে করে চর দুয়ানীসহ বিভিন্ন অপারেশন এলাকায় নিয়ে যাওয়া হতো। ওই সাংবাদিকরা তাদের ভাষ্য অনুযায়ী সংবাদ প্রচার করতেন এবং প্রকৃত ঘটনা গোপন করতেন।

তিনি বলেন, সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, জিয়াউল আহসান তৎকালীন সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে ছিলেন। শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়েছেন বলেও সাক্ষ্যে উঠে এসেছে।

আসামি জিয়াউল আহসানকে ‘ডিপ টেস্টের অন্যতম সদস্য’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, তিনি ‘মাতৃবাহিনীতে’ না গিয়ে স্বৈরাচারী কায়দায় র‍্যাবে দিনের পর দিন কাটিয়েছেন। ভিন্ন রাজনৈতিক দল দমন পীড়নের জন্যে শেখ হাসিনার আজ্ঞা মানে তার চাহিদামতে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

যেভাবে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের তথ্য

ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভিকটিমদের ধরে নেওয়ার পর নিখোঁজ করে ফেলায় স্বাভাবিকভাবে এসব হত্যাকাণ্ডের তথ্য বের করা অসম্ভব ছিল। এসব ‘ইনসাইডার উইটনেস’ ছাড়া কিন্তু এই তথ্যগুলো কোনোদিন পাওয়া যেত না।

তিনি বলেন, গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা নিবিড়ভাবে কাজ করেছে এবং সেনাবাহিনীর অনুমতি নিয়ে তৎকালীন র‍্যাব কর্মকর্তাদের ডেকে এনে টানা কয়েকদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বরগুনার চর দুয়ানীতে ‘কয়েকশ মানুষকে হত্যার’ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, একজন অবসরপ্রাপ্ত র‍্যাব কর্মকর্তা প্রথমে এসে ওই অপারেশনের তথ্য দেন এবং একটি নামের কথা বারবার বলেন। এর সূত্র ধরেই পুরো হত্যাকাণ্ডের চিত্র উন্মোচিত হয়।

/এফসি/