মক্কা চুক্তি: হুথিদের মোকাবিলায় সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান-তুরস্ক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মক্কা চুক্তি: হুথিদের মোকাবিলায় সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান-তুরস্ক
মক্কা চুক্তি নিয়ে বৈঠকে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিনিধি

ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র ইয়েমেনি গোষ্ঠী হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই মক্কা প্রতিরক্ষা জোট সক্রিয় করার ঘোষণা দিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার (৫ অক্টোবর) রিয়াদে কৌশলগত-রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘোষণার আওতায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদিতে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। এর মাধ্যমে গত ৭ আগস্ট স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’ কার্যকর করা হলো।

বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক যৌথ বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘জোটের নির্বাহী কমিটি যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সৌদি আরবে দ্রুত মোতায়েনের জন্য সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

গত আগস্টে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের চুক্তির শর্তে বলা হয়, এই তিনটি দেশের যেকোনো একটির ওপর আক্রমণ বাকি দেশগুলোর ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এটি ন্যাটো জোটের চুক্তির প্রতিফলন।

এই শর্তের অধীনেই সামরিক বাহিনী মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘তিন দেশের অনুমোদিত ব্যবস্থা এবং জাতীয় আইন অনুযায়ী এই মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো সামরিক প্রস্তুতি জোরদার করা, তিন দেশের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং যেকোনো হুমকির মোকাবিলায় তাদের যৌথ সক্ষমতা বাড়ানো।’

যৌথ বিবৃতিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার পাশাপাশি সৌদি শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার নিন্দা জানানো হয়। সেইসঙ্গে দেশের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সৌদি সশস্ত্র বাহিনীর লড়াকু মনোভাবের প্রশংসা করেছে ইসলামাবাদ-আঙ্কারা।

সোমবারের উচ্চপর্যায়ের বৈঠকে তিন দেশের জ্যেষ্ঠ প্রতিরক্ষা, কূটনৈতিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন। তুরস্কের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারোগলু।

পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, চিফ অফ ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। আর সৌদি আরবের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং সেনাপ্রধান (চিফ অফ জেনারেল স্টাফ) জেনারেল ফায়াদ বিন হামেদ আল-রুওয়াইলি।

জোট কমিটি পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুমান মাহমুদকে তিন বছরের মেয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে।

এই পদক্ষেপটি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র : এপি, ইন্ডিয়া টুডে

/জেএইচ/